আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ হাতছাড়া হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ পেলেন সোমালিয়ার রেফারি ওমার আরতান।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ঘোষণা করেছে, আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সলসবার্গে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের উয়েফা সুপার কাপ ম্যাচ পরিচালনা করবেন তিনি।
হাইভোল্টেজ সুপার কাপের ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি এবং ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। উয়েফা জানিয়েছে, আফ্রিকা ফুটবল কনফেডারেশন (CAF)-এর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি দুই সংস্থার মধ্যে মউ স্বাক্ষর হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থার তরফে। মউ স্বাক্ষরের পর রেফারিং-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।
উল্লেখ্য, তরুণ বয়সেই বিশ্বের অন্যতম সেরা রেফারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরতান। ২০১৮ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন।
২০২৫-২৬ CAF চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগ পরিচালনা করা তাঁর উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে অন্যতম। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৫ সালের CAF বর্ষসেরা পুরুষ রেফারির পুরস্কারও জিতেছেন।
ফিফা বিশ্বকাপের জন্য নির্বাচিত ম্যাচ অফিশিয়ালদের তালিকায়ও ছিলেন আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে দায়িত্ব পালন করা সম্ভব হল না তাঁর।
আর তারপরেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছে উয়েফা। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফ্রেন বলেন, ‘ওমর আরতান একজন অসাধারণ তরুণ অথচ অভিজ্ঞ রেফারি। তিনি আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ফুটবল মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলার মাধ্যম। তাঁর অসাধারণ রেফারিং দক্ষতার প্রতি সম্মান জানাতেই উয়েফা এই সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওমরের মতো একজন যোগ্য রেফারি এমন মর্যাদাপূর্ণ মনোনয়ন পাওয়ার যোগ্য। এই উদ্যোগকে সমর্থন করার জন্য আফ্রিকান ফুটবল ফেডারেশনকেও ধন্যবাদ জানানো উচিত।’ বিশ্বকাপের মঞ্চে সুযোগ না পেলেও উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ায় ওমর আরতানের আন্তর্জাতিক কেরিয়ারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।















