আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালে ছোট্ট ছেলেটি হয়তো কল্পনাও করতে পারেনি যে একদিন বিশ্বমঞ্চে ব্রাজিলের মত এক প্রবল শক্তিধর দলের বিরুদ্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে সে।
৮ বছর পরে সেই ছোট্ট ছেলেটার স্বপ্ন পূরণ হল। সেই ছেলের বয়স এখন ১৮। এদিন ব্রাজিলের বিরুদ্ধে তিনি ছিলেন অ্যাটলাসের সিংহ।
তাঁর নাম আয়ুব বুয়াদ্দি। বিশ্বকাপের আগে থেকেই তিনি আন্তর্জাতিক ফুটবলে অন্যতম চর্চিত নাম। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পরে সবাই বলছেন, মাতিয়ে দিয়েছে ছোট্ট ছেলেটা। আরও বড় ক্লাবের অফার পাবে আয়ুব বুয়াদ্দি।
বিশ্বকাপের বল গড়ানোর আগে আয়ুব বুয়াদ্দিকে নিয়ে চলছিল ইউরোপ ও আফ্রিকার দুই দেশের দড়ি টানাটানি। একদিকে ফ্রান্স অন্যদিকে মরক্কো। শেষ পর্যন্ত সেই টাগ অফ ওয়ারে জেতে মরক্কো।
ফরাসি ক্লাব লিলের এই তরুণ মিডফিল্ডারকে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবল প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফরাসি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে সিনিয়র আন্তর্জাতিক কেরিয়ারের জন্য তিনি বেছে নিয়েছেন মরক্কোকে।
মরক্কান বাবা-মায়ের সন্তান বুয়াদ্দি জন্মগ্রহণ করেন ফ্রান্সে। এই কারণে শুরু থেকেই বুয়াদ্দির উপরে দুই দেশের নজর ছিল। ফ্রান্স তাঁকে নিজেদের ভবিষ্যৎ তারকা হিসেবে ধরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত মরক্কোর ডাকেই সাড়া দিয়েছেন তিনি। ফিফাও বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলার জন্যই অনুমোদন দেয়।
![]()
ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলেছেন বুয়াদ্দি। তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে। ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলকে নেতৃত্বও দেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের পরিচয় গড়ার জন্য শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নেন বুয়াদ্দি।
ক্লাব ফুটবলেও বুয়াদ্দির উত্থান ছিল চোখে পড়ার মতো। গত কয়েক মরশুমে লিলের মূল একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে কনফারেন্স লিগে মাঠে নেমে মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।
আজ ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে বুয়াদ্দি সব অর্থেই নজর কেড়ে নেন।
আট বছর আগে যে ছোট্ট ছেলেটি গ্যালারিতে বসে হয়তো ব্রাজিলের তারকাদের খেলা দেখত, আজ সেই ছেলেই ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখল। মরক্কোর জার্সিতে তাঁর এই উজ্জ্বল অভিষেক শুধু একটি ম্যাচের গল্প নয়, বরং এক নতুন তারকার জন্মের ঘোষণাও বটে। ফুটবলবিশ্ব এখন অপেক্ষায়, এই বিস্ময়বালক আগামী দিনে আর কত দূর উড়তে পারেন।















