আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে ভারত অজিদের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে যার মধ্যে একটি দিন রাতের ম্যাচ। ১৯৯১-৯২ সালের পর প্রথমবারের জন্য পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ হবে দুই দলের মধ্যে। এই সিরিজে ফেভারিট কে অথবা ভারতের জেতার মন্ত্র কী? সিরিজ শুরুর আগে সাফ জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় কোচ জন বুকানন। তাঁর বক্তব্য, ভারতের জয়ের সম্ভাবনা অনেকাংশে নির্ভর করবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকারা অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণকে কতটা সহ্য করতে পারেন তার ওপর।
এই হাইভোল্টেজ সিরিজ শুরু হবে ২২ নভেম্বর পার্থে। পার্থের ওয়াকা বাউন্সি উইকেটের জন্য পরিচিত। সেখানে শক্তিশালী অজি বোলিং লাইনআপকে সামলাতে হবে কোহলিদের। বর্ডার গাভাসকার ট্রফিতে শেষ দুটি সিরিজ ভারতের দখলে এলেও বুকাননের মতে, এবারের সিরিজে ভারতের জয়ের সম্ভাবনা কম। তিনি জানান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের মতো খেলোয়াড়রা, যাঁরা এই জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন তাঁরা হয়তো এবার সফরকারী দলের সঙ্গে নাও যেতে পারেন।
বুকাননের মতে, অস্ট্রেলিয়া ঘরের মাঠে দুর্দান্ত কারণ তাঁরা পরিস্থিতি অনুযায়ী ভাল ব্যাটিং করে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়নের মত বিশ্বমানের বোলার রয়েছে দলে’। বুকানন আরও জানিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতির সময় না পেয়ে সিরিজে নামা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। জানা গিয়েছে, দিন রাতের টেস্টের আগে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে গোলাপী বলে টেস্ট খেলবে ভারত। প্রাক্তন ভারতীয় কোচের সাফ বক্তব্য, ‘অস্ট্রেলিয়া এই সিরিজে ফেভারিট’। তবে ভারত অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে তৈরি রাখছে বোলারদের। ফিরতে পারেন মহম্মদ শামি, বিশ্রাম থেকে ফিরিয়ে আনা হবে বুমরাকেও।
















