আজকাল ওয়েবডেস্ক: ভারতে খেলতে আসার শাস্তি। এই বছর ইংল্যান্ডে আয়োজিত টি–২০ ব্লাস্ট প্রতিযোগিতায় খেলতে পারবেন না সমিত প্যাটেল ও পিটার সিডল। দুই ক্রিকেটারকে এক বছর নির্বাসিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের গোয়ায় একটি প্রতিযোগিতায় খেলতে এসেছিলেন এই দুই ক্রিকেটার। সেই কারণেই এই শাস্তি।
এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের গোড়ায় অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গোয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি২০’ লিগে খেলতে এসেছিলেন সমিত ও সিডল। এই প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করে না। সেই কারণেই শাস্তি পেয়েছেন দুই ক্রিকেটার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম, কোনও ক্রিকেট বোর্ডের আওতায় না থাকা প্রতিযোগিতায় অংশ নিলে সেই ক্রিকেটারকে ঘরোয়া প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হবে। সেই নিয়মই দুই ক্রিকেটারের ক্ষেত্রে কার্যকর হয়েছে।
এটা ঘটনা, টি–২০ ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার কথা ছিল ৪১ বছরের সিডলের। তিনি যে খেলতে পারবেন না, তা জানিয়ে দিয়েছে ক্লাব। সিডলের পরিবর্ত খোঁজা চলছে। তবে ৪১ বছরে সমিতকে অবশ্য এবারের টি–২০ ব্লাস্টে কোনও দল নেয়নি। গত বছর ডার্বিশায়ারের হয়ে খেলেছিলেন তিনি।
অন্যদিকে, আইপিএলেও এবার লোন সিস্টেম চালু হতে পারে। প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। তরুণ ব্যাটার আয়ূষ মাত্রে আইপিএল থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে লোনে ক্রিকেটার নিতে পারে চেন্নাই। নিজের পুরনো দলকে এমনই পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন বলছেন, বেঙ্গালুরুর তরুণ ব্যাটার বিহান মালহোত্রাকে লোনে নিতে পারে চেন্নাই। তাঁর কথায়, ‘এত জন ক্রিকেটার চোট পেয়েছে। এটাই সেরা সময়। বিহান এখনও আইপিএলে খেলেনি। তাই ওকে নেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞান কুণ্ডুর মতো ব্যাটারকেও তৈরি করতে পারে চেন্নাই।’
















