আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে। তবে জামিনে ছাড়াও পেয়েছেন। আপাতত তিনি পাকিস্তানে পিএসএলের ম্যাচ খেলতে। বিরতি থাকায় সিডনিতে এসেই হয় এই বিপত্তি।
এদিকে, জানা গেছে, একাধিকবার নিঃশ্বাস পরীক্ষা করা হয়েছিল ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার পুলিশের মতে, সেই দেশে যতটা মদ খেয়ে গাড়ি চালানো যায়, সেই মাপকাঠির দ্বিগুণ মদ্যপান করেছিলেন ওয়ার্নার। ঠিক কতটা মদ খেয়েছিলেন ওয়ার্নার? সেই নিয়ে মুখ খুলেছেন অজি ক্রিকেটার।
পুলিশকে ওয়ার্নার জানিয়েছেন, এক বন্ধুর সঙ্গে তিনি মদ্যপান করছিলেন। তবে অজি ক্রিকেটারের দাবি, তিনি মাত্র তিন গ্লাস ওয়াইন খেয়েছিলেন। তারপর গাড়ি চালিয়ে মারৌব্রায় নিজের বাড়িতে ফেরেন। সেই সময়ই পুলিশ তাঁর নিঃশ্বাস পরীক্ষা করে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় মদ্যপান করে গাড়ি চালানোর যে আইনি মাত্রা, তার প্রায় দ্বিগুণ পরিমাণ নেশাগ্রস্ত ছিলেন তিনি। ওয়ার্নারের লাইসেন্স বাতিল হতে পারে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে। আপাতত তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
অবশ্য করাচি কিংসের হয়ে ম্যাচ খেলতে অসুবিধা হবে না ওয়ার্নারের। ৯ এপ্রিল করাচির ম্যাচ। তবে ওয়ার্নারকে ৯ মে আদালতে হাজিরা দিতে হবে।
এটা ঘটনা, ২০২৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তারপর থেকে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারে। তবে আইপিএলে আর সুযোগ মেলেনি। খেলছেন পিএসএলে।
দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।















