আজকাল ওয়েবডেস্ক: বাইশ বছরে বাইশ গজ ছেড়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু মাত্র চার বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ফাটল। বিয়ের চতুর্থ বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদ ঘোষণা চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটারের। শুক্রবার স্ত্রী ঈশানি জোহারের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন রাহুল চাহার। ২০২২ সালের ৯ মার্চ মাত্র ২২ বছর বয়সে গোয়ায় গাঁটছড়া বাঁধেন তারকা স্পিনার। ইনস্টাগ্রামে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান চাহার। জানান, তাঁর জীবনের শেষ ১৫ মাস সবচেয়ে কঠিন ছিল। বর্তমানে তাঁর বয়স ২৬। জানান, শেষ কয়েক মাস শুধুই কোর্টে দৌড়ে বেড়াতে হয়েছে। জীবন সম্বন্ধে এমন ধারণা ছিল না তাঁর। এই ঘটনাকে বড় শিক্ষা হিসেবে দেখছেন।
রাহুল চাহার বলেন, 'আমি খুব অল্প বয়সে বিয়ে করি। নিজেকে তখনও ভালভাবে বুঝিনি। জানতাম না আমি জীবন থেকে কী চাইছি। যার ফলে ভুগতে হয়েছে। কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এমন হবে আমি কোনওদিন ভাবিনি। শেষ ১৫ মাস কোর্টে দৌড়াদৌড়ি করতেই কেটে গিয়েছে। ধৈর্য রাখতে হয়েছে। আজ আমার জীবনের সেই অধ্যায় চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আইনি ঝঞ্ঝাটের পর সমস্যার সমাধান হয়েছে। জীবনের একটা পর্ব শেষ হল। আমি এই পর্ব রাগ বা হতাশা দিয়ে বন্ধ করতে চাই না। বরং স্বচ্ছতা রাখতে চাই। কিছু সম্পর্ক চিরকাল থাকে না। সেগুলো আমাদের কিছু শেখাতে আসে। আমি এগিয়ে যেতে চাই। এখন আমি জানি জীবনে কী চাই।'
২০২১ সালে শেষবার ভারতের জার্সিতে খেলেন রাহুল। সাদা বলের ক্রিকেটে সাত ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন। এবার আইপিএলে তাঁকে দেখা যাবে। গতবছর নিলামে ৫.২ কোটিতে তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস। আগের বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচে খেলেন। উইকেট পাননি। আইপিএলে ৭৯ ম্যাচে চাহারের উইকেট সংখ্যা ৭৫। ২০১৯ এবং ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন দলের অঙ্গ ছিলেন। এবার ধোনির দলের জার্সিতে দেখা যাবে তারকা স্পিনারকে।
