আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস। তার আগে ভবিষ্যতের সিএসকে দল সম্বন্ধে একটা আভাস পাওয়া গেল। নিলামের আগে রাজস্থানের থেকে সঞ্জু স্যামসনকে কেনে চেন্নাই। শুধুমাত্র ওপেনিং সমস্যার কথা মাথায় রেখে নেওয়া হয়নি উইকেটকিপার ব্যাটারকে, এমএস ধোনির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনি সম্বন্ধে বড় আপডেট দেন সিএসকের সিইও কাশি বিশ্বনাথন। ক্যাপ্টেন কুল না থাকায় আর কোনওরকম সংশয় থাকল না। উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে সঞ্জুকে। প্রথম দুই সপ্তাহে পাওয়া যাবে না ধোনিকে। ততদিন পর্যন্ত উইকেটের পেছনে দেখা যাবে সঞ্জুকে। কিন্তু ধোনি ফিরলে কী হবে? আগাম আভাস কি দিয়ে রাখলেন চেন্নাই কর্তৃপক্ষ?
বিশ্বনাথন বলেন, 'এমএস ধোনি খেলবে না, তাই অবশ্যই সঞ্জু উইকেটকিপিং করবে। দারুণ ফর্মে আছে। নেটেও ভাল মেজাজে আছে। আশা করছি সঞ্জু চেন্নাইয়ের খেলায় প্রভাব ফেলবে। অবশ্যই ঋতুরাজ আছে, দলে উচ্চ পর্যায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আশা করছি ওর নেতৃত্বে দল ভাল খেলবে।' শুধুমাত্র প্রথম দুই সপ্তাহ নয়, চেন্নাইয়ের ভবিষ্যৎ নিয়ে হালকা আভাস দেন ফ্র্যাঞ্চাইজির সিইও। কথাবার্তায় বুঝিয়ে দিলেন, ধোনি অতীত, ভবিষ্যৎ সঞ্জু। বিশ্বনাথন বলেন, 'আমরা সঞ্জুর ওপর বাড়তি চাপ ফেলতে চাই না। কারণ আমরা ওর ক্ষমতা সম্বন্ধে অবগত। আমার সঙ্গে ওর বেশি কথা হয়নি। মাত্র কয়েকদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে। প্র্যাকটিসের সময় আমি কাউকে বিরক্ত করি না। আমার দৃঢ় বিশ্বাস, যে ফর্মে আছে, আমাদের সুবিধা হবে।'
আসন্ন কোটিপতি লিগে ক্যাপ্টেন কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন ধোনি। কিন্তু এতে সম্মতি নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। দাবি, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলা উচিত নয় ধোনির। সেটা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, তার আগেই বুট জোড়া তুলে রাখা উচিত ধোনির। প্রত্যেক বছরের মতো এবারও একই প্রশ্ন উঠছে, এটাই কি ধোনির শেষ আইপিএল? ঋতুরাজ গায়কোয়াড়কে তৈরি করা হচ্ছে। একাধিক তরুণ ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। রাজস্থান রয়্যালস থেকে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকেও।
আশা করা যাচ্ছে, এটাই ধোনির শেষ মরশুম হতে চলেছে। নিজের ফিটনেস যে কমছে সেটা স্বীকার করে নেন ধোনি নিজেই। বয়স, ফিটনেস এবং হাঁটুর সমস্যার জন্য লোয়ার অর্ডারে ব্যাট করেন ধোনি। উইকেটের পেছনেও আর আগের মতো তৎপর নেয় মাহি। তবে দল পরিচালনায় ডাগআউট থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কিন্তু এর প্রবল বিরোধিতা করেন আকাশ চোপড়া। দাবি, ডাগআউট থেকে দল চালনা করা যায় না। এটা শুধু ফুটবল কোচদের পক্ষেই সম্ভব। তিনি মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার থেকে বুট জোড়া তুলে রাখা উচিত ধোনির।
















