আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দশ দিন। তারপরই শুরু হয়ে যাবে গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের আগে দলের প্রথম ট্রেনিং সেশন ভাগ করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভক্তদের জন্য প্র্যাকটিসের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পর্তুগিজ তারকা। পর্তুগালের ট্রেনিং ক্যাম্প থেকে নিজের ইনস্টাগ্রামে প্রথম দিনের অনুশীলনের ছবি পোস্ট করলেন সিআরসেভেন।

ট্রেনিং সেশনে চনমনে মেজাজে পাওয়া যায় ৪১ বছরের বিশ্বতারকাকে। এদিন মূলত শারীরিক কসরতে জোর দেওয়া হয়। নিজের সতীর্থদের সঙ্গে মিলে সব ড্রিলে অংশ নেন রোনাল্ডো। বিশ্বমঞ্চে একমাত্র একটি খেতাবই অধরা, বিশ্বকাপ। সেই স্বপ্নপূরণ করতে রেকর্ডবার বিশ্বকাপে খেলবেন পর্তুগিজ তারকা। প্রথম ২০০৬ বিশ্বকাপে খেলেন রোনাল্ডো। সেই থেকে প্রত্যেক বিশ্বকাপে অংশ নিয়েছেন।
১৭ জুন ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে যাত্রা শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে নেশন্স লিগ জয়ীরা। ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ। সম্প্রতি, আল নাসেরকে ১১তম বার সৌদি প্রো লিগ জেতান রোনাল্ডো। শুক্রবার রাতে ডামাকের বিরুদ্ধে ৪-১ গোলে জেতে সৌদির ক্লাব। জোড়া গোল করেন সিআরসেভেন। তিন বছরে সৌদিতে এটাই রোনাল্ডোর প্রথম ট্রফি। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসেরে যোগ দেন পর্তুগিজ তারকা। কিন্তু শুরুতে চোট, ব্যর্থতার সম্মুখীন হন। অবশেষে তিন বছর পর প্রথম সাফল্য পান। বিশ্বকাপের ঠিক প্রাক্কালে এই সাফল্য নিঃসন্দেহে রোনাল্ডোকে আরও উজ্জীবিত করবে। জীবনের শেষ বিশ্বকাপ জেতার জন্য নিজেকে উজাড় করে দেবেন তারকা ফুটবলার।















