আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সি আর সেভেন। পর্তুগিজ মহাতারকার স্বপ্ন তিনি হাজার গোল করবেন। আর সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে আল নাসেরের ম্যাচ জয়ে একটি গোল করলেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলকে ৪–০ গোলে হারাল আল নাসের।
পেশাদার ফুটবল জীবনে ৯৬৯টি গোল হল রোনাল্ডোর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আল নাসের। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছে তারা। ১১ মিনিটে রোনাল্ডোই এগিয়ে দেন দলকে। বিপক্ষের বক্সের মধ্যে নিখুঁত জায়গায় ছিলেন তিনি। সতীর্থের পাস পেয়ে গোল করেন।
এর পর জোয়াও ফেলিক্সের পাস থেকে ইনিগো মার্তিনেজ দ্বিতীয় গোল করেন। তৃতীয় গোল আবদুলেলা আল–আমরির। চতুর্থ গোল ৮০ মিনিটে সাদিও মানের। ম্যাচের এক ঘণ্টার মাথায় তুলে নেওয়া হয় রোনাল্ডোকে। তার ঠিক আগেই একটি ভাল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি।
এটা ঘটনা, আল নাসের এই মুহূর্তে সৌদি প্রো লিগে এক নম্বরে রয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টারে উঠেছে। ফলে রোনাল্ডোর সামনে জোড়া ট্রফি জয়ের সুযোগ রয়েছে।
এদিকে, ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিলেরমো হোয়োসের অভিষেক স্মরণীয় করে রাখলেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর জোড়া গোলে মেজর লিগ সকারে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
দাপুটে শুরু করে মায়ামি। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্তেরাম।
মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোলটি আসে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে কলোরাডো। মাত্র চার মিনিটের ব্যবধানে রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২) গোল করে ২-২ করেন।
এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নিজের হাতে তুলে নেন মেসি। ৭৯ মিনিটে রদ্রিগো দি পলের পাস ধরে ডান দিক থেকে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন এলএম ১০। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
















