আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বাতিল, লাল কার্ডের নাটক তবুও চিলিকে হারাল পর্তুগাল।

লিসবনে ঘটনাবহুল এক প্রীতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। গোল করেছিলেন সিআর সেভেন, কিন্তু অফসাইডের অজুহাতে তা বাতিল হয়ে যায়। এছাড়া দু' দলের একজন করে খেলোয়াড় লাল কার্ডও দেখেন।

লিসবনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে খেলেন রোনাল্ডো। বিরতির পরে তাঁকে তুলে নিয়ে মাঠে নামানো হয় গনজালো গুয়েদেসকে। তিনিই পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন।

ম্যাচের ৩৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দজের বাড়ানো বল থেকে গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠান রোনাল্ডো। তবে সহকারী রেফারি অফসাইডের অজুহাতে সেই গোল বাতিল করেন। 

এর আগে চিলির গোলকিপার লরেন্স ভিগুরু সিআর সেভেনের দু'টি প্রচেষ্টা রুখে দেন।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা ছড়ায় মাঠে। ৪৫ মিনিটে পর্তুগালের রাফায়েল লিয়াও এবং  চিলির ইভান রোমান লাল কার্ড দেখেন। চিলির গোল লাইনের কাছে ফেলিপে ফনডেজ ও ফ্রানসিসকো কনসেইসাওয়ের মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে রেফারি উভয় দল থেকে একজন করে ফুটবলারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরিস্থিতি শান্ত করতে রোনাল্ডো-সহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় এগিয়ে আসেন।

বিরতির সময় পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ একসঙ্গে ছ'টি পরিবর্তন আনেন। 
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে নেভেসের চমৎকার থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোল করেন গুয়েদেস। ১-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। ফ্রান্সিসকো কনসেইসাওয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শট জড়িয়ে যায় জালে। ২-০ এগিয়ে যায় পর্তুগাল। 

অ্যাডেড টাইমে চিলির হয়ে একটি গোল শোধ দেন লুকাস সেপেদা। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর জোরালো শট পর্তুগালের জালে আশ্রয় নিলে ব্যবধান কমে ২-১ হয়। তবে শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। বিশ্বকাপের আগে  জয় পায় পর্তুগাল।