আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পরেই বিশ্বের সবচেয়ে পুরনো ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। আর ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার মস্তিষ্কপ্রসূত। আইপিএলে অংশ নেয় ১০ দল। আর বিগ ব্যাশে আট দল। আর বিগ ব্যাশের সবচেয়ে সফল দল পারথ স্করচার্স। ১৫ বছরের এই টুর্নামেন্টে ছয় বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই টুর্নামেন্ট চলে। ২০২৫–২৬ মরশুমেও বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয়েছে পারথ স্করচার্স।
ক্রিকেট অস্ট্রেলিয়া এবার এই টুর্নামেন্টকে আরও ছড়াতে চাইছে। পরিকল্পনা অস্ট্রেলিয়ার বাইরে করার। অন্তত উদ্বোধনী ম্যাচটা ভারতে আয়োজন করতে চায় তারা।
টুর্নামেন্টের আয়োজকরা আগামী দিনে অন্তত দুটি ফ্রাঞ্চাইজিকে বিক্রি করতে চায়। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, তাঁদের দুই সদস্য ইতিমধ্যেই ভারতে এসে সবকিছু পরিদর্শন করে গিয়েছেন। খুব সম্ভবত চিপকে একটি ম্যাচ আয়োজন করতে চায় তারা। আর সেটি করতে চায় চলতি বছরের শেষে ১২ ডিসেম্বর নাগাদ। চিপককে পছন্দের কারণ, চেন্নাইয়ের ফ্যান বেস কিরকম তা সবাই জানে।
এখনও অবধি কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে সব ঠিকঠাক চললে চ্যাম্পিয়ন পারথ স্করচার্সকে চিপকে খেলতে দেখা যেতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া আয় বাড়ানোর জন্যই এই পরিকল্পনা নিয়েছে। আর ভারত ছাড়া যে এক্ষেত্রে সেরা কোনও বিকল্প নেই সবারই জানা।
এদিকে, বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টি অব্যাহত। এদিকে, ইডেনে রয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা বনাম লখনউ। গত সোমবার কলকাতা–পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দু’দলই পেয়েছিল এক পয়েন্ট করে।
বুধবার বৃষ্টির জন্য ইডেনে অনুশীলন করতে পারেনি দু’দল। এখন প্রশ্ন বৃহস্পতিবারের খেলা হওয়া নিয়ে। এটা অবশ্যই কলকাতার একটা চিন্তার জায়গা। তিন ম্যাচ হয়ে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। গত সোমবার থেকে প্রতিদিন বিকেল অথবা সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। সোমবারের ম্যাচ বাতিল ছাড়াও মঙ্গল এবং বুধবার কলকাতার অনুশীলন মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবারও বৃষ্টি চলছে। সকাল থেকে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ কমবে। তবে ম্যাচের মাঝে ফের বৃষ্টি হতে পারে। তাই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তো আছেই। কিংবা হলেও ওভার সংখ্যা কমে যেতে পারে। যা অবস্থা তাতে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
















