আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। যার তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতিদমন শাখা। অভিযোগের তীর গ্রুপ পর্বে নিউজিল্যান্ড–কানাডা ম্যাচ ঘিরে। 


এদিকে, প্রকাশ্যে এসেছে ওই ম্যাচকে ঘিরে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি প্রকাশিত ডকুমেন্টারি সিরিজ ‘কোরাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। 


এই ডকুমেন্টারিটি দ্য ফিফথ এস্টেট সম্প্রচারিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বিষ্ণোই গ্যাং ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে দল নির্বাচন পর্যন্ত নানা ক্ষেত্রে প্রভাব খাটিয়েছে।
অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাং নাকি সরাসরি চাপ সৃষ্টি করেছিল কানাডা ক্রিকেট বোর্ডের উপর। সবচেয়ে বড় বিষয়, এই গ্যাংকেই ইতিমধ্যে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কানাডায় হিংসা বা সন্ত্রাসের কোনও জায়গা নেই। বিশেষ করে যখন তা মানুষকে ভয় দেখাতে ব্যবহার করা হয়। 


২০২৬ সালের টি–২০ বিশ্বকাপের আগে হঠাৎ করে নিকোলাস কির্টনের জায়গায় দিলপ্রীত বাজওয়াকে অধিনায়ক করা হয়। যা অনেককেই অবাক করে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ডকুমেন্টারিতে বাজওয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, বিষ্ণোই গ্যাং কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে দলে জায়গা দিতে চাপ দিয়েছিল। প্রাণনাশের হুমকির কারণে বোর্ডের কর্তারা সেই চাপ মানতে বাধ্য হন।


ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কিছু ব্যক্তি নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এক ক্রিকেটারকে হুমকি দিয়েছিল।