আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আসন্ন আসরের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার চেন্নাইয়ের চিপক পরিদর্শন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার একদল কর্মকর্তা। 
টিএনসিএ (তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন)-এর এক কর্মকর্তা সংবাদ সংস্থারকে জানিয়েছেন, পাঁচজন ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিনিধি স্টেডিয়ামটি ঘুরে দেখেন এবং রাজ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করেন। 

পরিদর্শন শেষে ওই প্রতিনিধি দল সন্ধ্যায় একই মাঠে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল ম্যাচও উপভোগ করেন।

এর আগে ফেব্রুয়ারিতেও ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই কর্মকর্তা চেন্নাইয়ে এসে সম্ভাব্য আয়োজনের প্রাথমিক মূল্যায়ন করে গিয়েছিলেন। এবার বড় প্রতিনিধিদলের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে, আলোচনা আগের তুলনায় অনেক দূর এগিয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চেন্নাই হবে আগামী বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচের ভেন্যু। এটি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, কারণ ভারতের মতো বিশাল ক্রিকেট বাজার ধরাই আসল লক্ষ্য। 

চেন্নাইয়ের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হবে। আইপিএলের পাশাপাশি বিশ্বমানের আরেকটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ আয়োজন করে শহরটি আবারও আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বিশেষ স্থান পাবে।

তবে এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া বা টিএনসিএ, কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি এ ব্যাপারে। চূড়ান্ত সিদ্ধান্ত, অংশগ্রহণকারী দল এবং সময়সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যেতে পারে।