আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল দরজায় কড়া নাড়ছে। চলতি মাসের শেষেই শুরু হয়ে যাবে এই ফ্রাঞ্চাইজি লিগ। তার আগেই এল বড় খবর। চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির তরফে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আইপিএলের সব ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে ধোনির। তবে মাঠে ধোনির ভূমিকা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিনি উইকেটরক্ষা করবেন?‌ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।


বিসিসিআই জানিয়েছে, ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। টি–২০ বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।


২০২৬ আইপিএলে যে ধোনি খেলবেন তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। মাহিকে উইকেটরক্ষক–ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। ধোনির বয়সের জন্যই এই প্রশ্ন উঠছে। যদিও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌আমি যতদূর জানি ধোনি সব ম্যাচই খেলবে।’‌


দলে এবার এসেছেন সঞ্জু স্যামসন। তাই সম্ভবত তিনিই উইকেটকিপিং করবেন। কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌সেটা বলতে পারব না। এটা ক্রিকেট সংক্রান্ত বিষয়। দলের কোচ ও সাপোর্ট স্টাফরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ম্যানেজমেন্টের লোকেরা এই সিদ্ধান্ত নেবেন না। তাই কোচেরাই বলতে পারবেন ধোনি উইকেটরক্ষক–ব্যাটার না শুধুই ব্যাটার হিসেবে না ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন।’‌


যা খবর, তাতে হয়ত বৃহস্পতিবার প্রথম দফার সূচি প্রকাশ করবে বিসিসিআই। সিএসকে ঘরের সব ম্যাচ যে চেন্নাইতেই খেলবে এটা নিশ্চিত করেছেন কাশী। তাঁর কথায়, ‘‌আমরা তামিলনাড়ুতেই হোম ম্যাচ খেলব। এখন সূচির অপেক্ষায় রয়েছি।’‌


সঞ্জু ছাড়াও সিএসকে দলে আছেন শিবম দুবে। দুই ক্রিকেটারই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বিশ্বনাথন বলেছেন, ‘‌পরপর দুবার ভারত টি–২০ বিশ্বকাপ জিতল। দারুণ খবর। আমাদের দুই ক্রিকেটার সঞ্জু ও দুবে দারুণ পারফর্ম করেছে। আশা করব সিএসকের হয়েও ওরা দারুণ খেলবে।’‌