আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সিতে খেলবেন। ক্লাব সভাপতি আনিবাল মোসা বিষয়টি জানিয়েছেন। 

ফ্রি এজেন্ট থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে পৌঁছে মেডিক্যাল পরীক্ষা দেবেন। তার পরে রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

শুক্রবার আনিবাল মোসা বলেন, “ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে চলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।” আনুষ্ঠানিক চুক্তিএখনও বাকি রয়েছে।

ভোজিনিয়ার আগমনের ইঙ্গিত ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কোলো কোলো।

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব শাভেসের সঙ্গে ভোজিনিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর ফ্রি এজেন্ট থাকলেও বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে ওঠেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার। সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।

ভোজিনিয়া বলেন, “আমি আরও এক থেকে দুই মরশুম পেশাদার ফুটবল খেলতে চাই।'' 
এর আগে তাঁকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোলো কোলোই তাঁর নতুন ঠিকানা।