আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কি মাঠে ফিরবেন ঋষভ পন্থ? স্পষ্ট জানা না গেলেও, তাঁর শেয়ার করা পোস্ট থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুর্ঘটনার কবলে পড়ে প্রায় এক বছর ক্রিকেটের বাইরে পন্থ। একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আইপিএল দিয়েই হয়তো প্রত্যাবর্তন হবে পন্থের। নেটমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিও দেখে তেমনই মনে হচ্ছে। মাঝে মধ্যেই নিজের হেলথ আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঋষভ। ওয়ার্কআউটের ছবিও দেন। এদিন আবারও নিজের শারীরিক কসরতের ভিডিও শেয়ার করলেন। সেখানে ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে পন্থকে। ভিডিওতে মূলত ওয়েট ট্রেনিং করতে দেখা যায় তাঁকে। ওয়েট তোলা থেকে শুরু করে স্কোয়াট, সাইক্লিং, পিঠের ব্যায়াম করতে দেখা যায় পন্থকে। আবার তাঁকে বাইশ গজে দেখায় অপেক্ষায় পন্থ অনুরাগীরা। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। এই ঘটনায় বদলে যায় জীবন। কিন্তু আবার ক্রিকেটে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তাঁকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে আবার তাঁকে স্বমহিমায় দেখার অপেক্ষায় ভক্তরা।
Rishabh Pant: ফের জিমের ভিডিও পোস্ট, আইপিএলেই মাঠে ফেরার ইঙ্গিত ঋষভ পন্থের
















