আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণ এবং ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারির মুখে বাংলা এবং দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েল। তাঁর বিরুদ্ধে একজন মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। একইসঙ্গে ব্ল্যাকমেল করারও। অপরাধমূলক ভয় দেখানো এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় দায়ের হওয়া মামলায় অভিষেক পোড়েল এবং আরও এক অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ১৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে ২৩ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে।
মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে। পাশাপাশি তদন্তের স্বার্থে অভিযুক্তদের ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক ডিভাইসও অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। মগরা থানায় বেশ কিছুদিন আগেই অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছিলেন এক তরুণী। দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্থা করেন অভিষেক। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলার ক্রিকেটার। কিন্তু হয়ত বুঝতে পারেননি জল এতদূর গড়াবে।
ডাক্তারি পড়ুয়ার আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগকারী মেডিক্যাল ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তের ওপর জোর দিয়েছে। এই মামলার তদন্ত এখনও চলছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না। তবে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারের বিরুদ্ধে যে সমস্ত মারাত্মক অভিযোগ উঠেছে, সেটা প্রমাণিত হলে বড়সড় সমস্যায় পড়তে পারেন। বর্তমানে বাংলা দলের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। ঋদ্ধিমান সাহার পর এখনও বাংলা থেকে কোনও উইকেটকিপার উঠে আসেনি। তাঁকে ঘিরে স্বপ্ন দেখা হয়। দিল্লি ক্যাপিটালস দলের নিয়মিত সদস্য। আগের আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচেই খেলেন। রানও পান। অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগে স্তম্ভিত বাংলার ক্রিকেট মহল।
















