আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়ল ইউনিয়ন বার্লিন। সিনিয়র পুরুষ দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মেরি লুইজ এতাকে নিয়োগ করল ম্যানেজমেন্ট। বুন্দেসলিগায় প্রথমবার কোনও মহিলা ম্যানেজার পুরুষ দলের দায়িত্ব পেলেন।
৩৪ বছর বয়সী এতা দায়িত্ব নিলেন স্টিফেন বাউমগার্টের জায়গায়। হাইডেনহেমের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারের পর বরখাস্ত করা হয় স্টিফেনকে।
লিগে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। এই কঠিন সময়ে জার্মানির প্রথম সারির লিগে দলের টিকে থাকা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ট বলেন, ‘মারি-লুইজ এতা অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব নিতে রাজি হওয়ায় আমরা খুবই আনন্দিত। পরিকল্পনা অনুযায়ী পরের মরশুমে তিনি মহিলাদের প্রথম দলের কোচ হবেন।’
তিনি আরও বলেন, ‘মরশুমের দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। পয়েন্ট তালিকা দেখে বিভ্রান্ত হলে চলবে না। আমাদের অবস্থা এখনও অনিশ্চিত, লিগে টিকে থাকতে গেলে জরুরি ভিত্তিতে পয়েন্ট প্রয়োজন।’
হেল্ডট স্পষ্ট জানান, দলের খারাপ ফলাফল এবং পারফরম্যান্সের কারণেই বাউমগার্টকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতে ফিফা মরশুমের বিরতির পর ১৪ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে দল।
তিনি যোগ করেন, ‘এই পারফরম্যান্সের পর আমরা আত্মবিশ্বাস পাচ্ছিলাম না, বর্তমান সেটআপে পরিস্থিতি আদৌ বদলানো সম্ভব কিনা। তাই নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এতার এই নিয়োগ তাঁর কেরিয়ারের আরেকটি মাইলফলক। ২০২৩ সালে তিনি বুন্দেসলিগা তথা ইউরোপের প্রথম সারির পাঁচটি লিগে প্রথম মহিলা সহকারী কোচ হয়েছিলেন।
যদিও আগামী মরশুমে ইউনিয়ন বার্লিনের মহিলাদের দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল তাঁর। তবে বর্তমানে সঙ্কটজনক পরিস্থিতিতে তাঁকে আগেভাগেই সিনিয়র পুরুষ দলের দায়িত্বে আনা হয়েছে।
বর্তমানে ইউনিয়ন বার্লিন পয়েন্ট তালিকার ১১তম স্থানে রয়েছে, রেলিগেশন জোনের থেকে মাত্র ৭ পয়েন্ট এগিয়ে। তাদের ঠিক নীচেই রয়েছে সেন্ট পাউলি ফুটবল ক্লাব।
মরশুমের দ্বিতীয়ার্ধে ধারাবাহিকতা না থাকায় চাপে ছিল দল। হাইডেনহাইমের বিরুদ্ধে হারই শেষ পর্যন্ত কোচ পরিবর্তনের সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়।
এতা ইতিমধ্যেই ক্লাবের অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের সঙ্গে আগে কাজ করেছেন। ফলে দলের কাঠামো সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা রয়েছে। ফলে, এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার জন্য তাঁকেই প্রথম পছন্দ হিসেবে মনে করেছে কর্তৃপক্ষ।
বুন্দেশলিগায় আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি বার্লিনের। সেই পরিস্থিতিতে ইতিহাস সৃষ্টি হল জার্মানির এই ক্লাবে। এতার জন্য এটি ঐতিহাসিক সুযোগ, আর ক্লাবের জন্য বড় এক ঝুঁকিপূর্ণ বাজি।















