আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আশঙ্কাই সত্যি হলো। গুরুতর চোটের কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলা হচ্ছে না ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাওয়ের।

 রিয়াল মাদ্রিদের এই তারকার বাঁ ঊরুর টেনডনে গুরুতর চোট ধরা পড়ার পর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।
চোটের প্রকৃতি নিশ্চিত করতে মিলিতাওকে ফিনল্যান্ডের তুরকু শহরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় দেখা যায়, তাঁর বাঁ ঊরুর টেনডন প্রায় ছিঁড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কেরিয়ারের ভবিষ্যৎ বিবেচনায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার তাঁর অপারেশন সম্পন্ন হয়।
চিকিৎসকদের ধারণা, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মিলিতাওয়ের অন্তত অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ফলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে তাঁর খেলার আশা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে।
এই ইনজুরি রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সময়ে দলটি ইতিমধ্যেই একাধিক খেলোয়াড়ের চোট সমস্যায় ভুগছে। রদ্রিগো, আরদা গুলের এবং থিয়াবো কুর্তোয়ার মতো তারকারাও বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, মিলিতাওয়ের বাঁ পায়ের বাইসেপস ফেমোরিস টেনডনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তাঁকে প্রায় পাঁচ মাস দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পর থেকেই বারবার চোটে ভুগছেন মিলিতাও। এই সময়ে তিনি মোট ন'বার চোটের কবলে পড়েছেন এবং তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।
সবশেষ লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে মাঠে নামলেও চোট পাওয়ার পর তাঁকে দ্রুত বদলি করা হয়। পরে পরীক্ষায় গুরুতর সমস্যা ধরা পড়ে এবং শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র সমাধান হিসেবে নির্ধারিত হয়।