আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড। এক ম্যাচে নয় উইকেট নিলেন ব্রাজিলের মহিলা ক্রিকেটার লরা কার্ডোসো। 


আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ আট উইকেটের রেকর্ড ছিল। যা ভেঙে পেসার লরা নিলেন নয় উইকেট। 


লেসোথোর বিরুদ্ধে একটি ম্যাচে এই রেকর্ড গড়েছেন ২১ বছরের ডানহাতি পেসার লরা কার্ডোসো। ব্রাজিল ৮ উইকেটে ২০২ রান করেছিল। জবাবে মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। তিন ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট নেন লরা।


এর আগে এই রেকর্ড ছিল ভুটানের পুরুষ ক্রিকেটার সোমন ইয়েশের দখলে। ২০২৫ সালে মায়ানমারের বিরুদ্ধে ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন সোনম। মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেটের রেকর্ড এর আগে ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে শূন্য রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। অর্থাৎ কোনও রানই দেননি তিনি। তাঁর সেই রেকর্ডও ভেঙে দিলেন লরা।


এদিকে, মহিলাদের টি–২০ ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের এমি সাদারওয়েটের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।


আর পুরুষদের আন্তর্জাতিক টি–২০–তে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ভারতের দীপক চাহারের দখলে। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন চাহার। তিনি এখন আইপিএল খেলতে ব্যস্ত।