আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের ক্লাব ফুটবলে আলোড়ন তোলা নেইমার ও রবিনিওর মধ্যে অনুশীলন ঘিরে তৈরি হওয়া উত্তেজনায় অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। 

স্যান্টোসের এই দুই ফুটবলারের দ্বন্দ্ব দ্রুতই মিটে যাওয়ায় স্বস্তি ফিরেছে দল ও সমর্থকদের মধ্যে।

গত রোববার অনুশীলনের সময় ড্রিবলকে কেন্দ্র করে দু'জনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে, নেইমার অপমানজনক কথা বলেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আক্রমণও করেন রবিনিও জুনিয়রকে। 
এতে ক্ষুব্ধ হয়ে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চুক্তি বাতিলের হুমকিও দেন।
ঘটনার পরপরই স্যান্টোস তদন্তের ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

এমনকী নেইমারের সম্ভাব্য শাস্তি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার, বিশেষ করে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আলোচনা শুরু হয়।

তবে দ্রুতই পরিস্থিতির পরিবর্তন ঘটে। নেইমার ব্যক্তিগতভাবে রবিনিও জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন এবং পরে প্রকাশ্যেও ক্ষমা চান। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব ডিপোর্টিভো রিকোলেটার বিরুদ্ধে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ''ফুটবলে এমন ঘটনা ঘটেই থাকে। ভুল বোঝাবুঝি থেকে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমরা ড্রেসিংরুমেই বিষয়টি মিটিয়ে নিয়েছি।'' 

সেই ম্যাচে ১–১ গোলে ড্র করে স্যান্টোস। দলের হয়ে একমাত্র গোলটি করেন নেইমার। গোলের পর রবিনিও জুনিয়রকে জড়িয়ে ধরে উল্লাস করতে দেখা যায় তাঁকে। এর থেকেই স্পষ্ট দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

ঘটনার পরদিনই দু'জন একসঙ্গে নৈশভোজ করেন এবং নেইমার নিজের ভুল স্বীকার করে বলেন, ''আমি বেশি প্রতিক্রিয়া দেখিয়েছি। বিষয়টি অন্যভাবে সামলানো যেত।''

অন্যদিকে, নেইমারের আচরণে প্রথমে হতাশ হলেও পরে রবিনিও বলেন, ''ছোটবেলা থেকেই নেইমারকে আদর্শ মেনে এসেছি। এটা একটা ভুল ছিল, এবং নেইমার তা স্বীকার করেছে।  আমাদের মধ্যে এখন আর কোনও সমস্যা নেই।''