আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ দল ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও অনিশ্চয়তা।
শেষ পর্যন্ত ব্রাজিল দলে কারা থাকছেন, আর কারা বাদ পড়ছেন তা নিয়ে বেড়েই চলেছে চর্চা, বেড়েই চলেছে অনিশ্চয়তা। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। সময়সীমার একেবারে শেষ মুহূর্তে গিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।
এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দীর্ঘদিন ধরে চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামতে পারেননি। স্যান্টোসে ক্লাব ফুটবলে ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে তাঁর।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই অনিশ্চয়তার মধ্যেও নেইমারকে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, কোচের ফিটনেস মানদণ্ড অনুযায়ী নেইমার এখনও শতভাগ প্রস্তুত না হলেও অভিজ্ঞতা ও বড় ম্যাচে তাঁর প্রভাব বিবেচনায় তাঁকে দলে রাখার সিদ্ধান্ত আসতে পারে।
আরও চমকপ্রদ তথ্য হল, এই সিদ্ধান্ত নাকি এসেছে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে। চেলসির তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানের চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গা শূন্য হয়। সেই জায়গাতেই নেইমারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন কোচ অ্যানচেলোত্তি।
খবর সত্যি হলে, এটি হবে ব্রাজিল দলে একটি বড় কৌশলগত পরিবর্তন। একদিকে তরুণ তারকার অনুপস্থিতি, অন্যদিকে অভিজ্ঞ সুপারস্টারের প্রত্যাবর্তন।
সূত্রের খবর, নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তির বিষয়টি ইতিমধ্যেই স্যান্টোসকেও জানানো হয়েছে। ফলে জাতীয় দলে ফেরার দরজা তাঁর জন্য কার্যত খুলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
ব্রাজিল জাতীয় দলে এখন পর্যন্ত নেইমার ১২৮ ম্যাচে অংশ নিয়ে ৭৯টি গোল করেছেন এবং আরও ৫৯টি গোল করিয়েছেন।
তবে সবকিছুই এখন নির্ভর করছে অ্যানচেলোত্তির চূড়ান্ত ঘোষণার উপর। দল ঘোষণার পরই পরিষ্কার হবে, নেইমার কি সত্যিই আবারও বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলের জার্সিতে ফিরছেন, নাকি এটি কেবলই শেষ মুহূর্তের গুঞ্জন।















