আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা ঘিরে কেটে গিয়েছে সব জল্পনা-কল্পনা। 

দীর্ঘ চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। 

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই তারকা ফুটবলার। তবে দল ঘোষণার আগেই নেইমারকে নিয়ে নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি। 

খবর অনুযায়ী, সোমবার রাতে ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন অ্যানচেলোত্তি। সেই আলোচনায় তিনি জানান, বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার গুরুত্বপূর্ণ অংশ হলেও আগের মতো তাকে কেন্দ্র করেই দল গড়া হবে না।

সেই সময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। নেইমারকে জানানো হয়, তিনি আর দলের অধিনায়ক থাকছেন না। এমনকি প্রথম একাদশেও তাঁর জায়গা নিশ্চিত নয়।

সূত্রের দাবি, অ্যানচেলোত্তি ইতিমধ্যে নিজের পছন্দের সম্ভাব্য প্রথম একাদশ ঠিক করে ফেলেছেন, যেখানে আপাতত নেইমারের অবস্থান অনিশ্চিত। পাশাপাশি খেলোয়াড়দের জন্য নতুন কিছু নিয়মও চালু করেছেন এই ইতালিয়ান কোচ। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় থাকার নির্দেশও রয়েছে, যাতে ফুটবলাররা বিশ্বকাপ প্রস্তুতিতে পুরোদস্তু মনোযোগ দিতে পারেন। 

তবে কঠোর অবস্থানের পাশাপাশি নেইমারের অভিজ্ঞতা ও সামর্থ্যেরও প্রশংসা করেছেন অ্যানচেলোত্তি। তাঁর মতে, চোট সারিয়ে নেইমারের ফিটনেসে উন্নতি হয়েছে এবং বিশ্বকাপে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য তাঁর অভিজ্ঞতা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন ব্রাজিল কোচ।

অ্যানচেলোত্তি আরও জানান, নেইমারকে শুধুই বিকল্প খেলোয়াড় হিসেবে ভাবা হচ্ছে না। ম্যাচে যত সময়ই খেলুন না কেন, তাঁর উপস্থিতি দলের জন্য কার্যকর হবে বলেই বিশ্বাস কোচের।

এদিকে পুরো বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন নেইমার। কোচিং স্টাফকে তিনি জানিয়েছেন, দলের প্রয়োজনে যে কোনোও ভূমিকায় খেলতে প্রস্তুত তিনি। পরে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। 

অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এবার তাঁর প্রত্যাবর্তনকে ব্রাজিল দলে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।