আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েকদিন। এমন সময়েই বড় সিদ্ধান্ত নিল ফিফা। 

বাছাইপর্বে পাওয়া হলুদ কিংবা লাল কার্ডের কারণে যে নিষেধাজ্ঞা কার্যকর ছিল, তা আর বিশ্বকাপের মূলপর্বে বহাল থাকবে না বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

এক বিবৃতিতে ফিফা জানায়, বাছাইপর্বে পাওয়া একক হলুদ কার্ড বা এক-দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বহন করা হবে না। সংস্থার দাবি, আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরে সব দল যেন তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারে, সেই লক্ষ্যেই এই নিয়ম পরিবর্তন করা হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোজেস বাছাইপর্বে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিলেন। 

গত সেপ্টেম্বরে দুই দলের মুখোমুখি ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই লাল কার্ড দেখেন দুই ফুটবলার।

৩৮ বছর বয়সী ওটামেন্ডির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। এর আগে ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন এই ডিফেন্ডার। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে  ম্যাচ দিয়ে খেতাব রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

অন্যদিকে, মিডফিল্ডার মোজেস কাইসেদোও স্বস্তি পেয়েছেন নতুন সিদ্ধান্তে। ২৪ বছর বয়সী এই ফুটবলার কাতার বিশ্বকাপেও ইকুয়েডরের হয়ে খেলেছিলেন। আগামী ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভরি কোস্টের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইকুয়েডর।

এর আগেও একই ধরনের সুবিধা পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নভেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখেছিলেন তিনি। পরে তাঁর তিন ম্যাচের নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফিফা।

এদিকে, কাতারের  ডিফেন্ডার তারেক সলমন  নতুন নিয়মে উপকৃত হয়েছেন। অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। তবে নতুন নিয়মের কারণে আগামী ১৩ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে কাতারের প্রথম ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।