আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের পর ছেলেদের ক্রিকেটেও বড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। কোয়াড্রিসেপ ইনজুরির জন্য পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। তবে সুখবর হল, ইংল্যান্ড সিরিজেই ফিরতে পারেন কোহলি। তবে তাঁকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দিতে হবে। মঙ্গলবার ফিটনেস পরীক্ষা হবে তারকা ক্রিকেটারের। তাতে পাস করলেই মিলবে ইংল্যান্ড সিরিজে খেলার ছাড়পত্র। ১৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তিনটে একদিনে ম্যাচ খেলবে ভারতীয় দল। ৩-৪ দিনের মধ্যেই দল নির্বাচন করা হবে।
১৪ জুলাই বার্মিংহামে ম্যাচ। ১৬ জুলাই কার্ডিফে। ১৯ জুলাই লর্ডসে খেলা। বোর্ডের এক সূত্র জানায়, 'একদিনের ক্রিকেটে খেলার জন্য যে ফিটনেস দরকার, সেই জায়গায় এখনও পৌঁছতে পারেনি হার্দিক। ৫০ ওভারের ক্রিকেটের জন্য ম্যাচ ফিট হতে সময় লাগবে। কোহলি সুস্থতার দিকে এগোচ্ছে।' রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান। লন্ডনে তাঁকে পরীক্ষা করে সেন্টার অফ এক্সেলেন্সের একটি দল। প্রাথমিক পর্যায়ের রিহ্যাব শুরু হয়। ২২ জুন বেঙ্গালুরুর সিওইতে ফিটনেস পরীক্ষা হবে তাঁর। ক্লিয়ারেন্স পেলে তবেই ইংল্যান্ড সিরিজে খেলার সুযোগ পাবেন।
চোটের জন্য আফগানিস্তান সিরিজও মিস করেন হার্দিক। ২ জুন থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করছেন। বর্তমানে রিহ্যাব চলছে। ২০২৭ বিশ্বকাপের দলে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন হার্দিক। একদিনের ক্রিকেটে তাঁকে যাতে পাওয়া যায়, টি-২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৮ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেন হার্দিক। তারপর থেকে কোনও একদিনের ম্যাচে খেলেননি। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের জন্য আফগানিস্তান সিরিজ মিস করেন কোহলি। তাঁর জায়গায় সুযোগ পান যশস্বী জয়েসওয়াল। আইপিএলের ফাইনালে গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে চোট পান কোহলি। তবে জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন। ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে আরসিবিকে চ্যাম্পিয়ন করেন।















