বিউ সরকার

মেসি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর পুলিশ। আগামী ৫ জুনের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে যুবভারতীতে মেসি-কাণ্ডে ইতিমধ্যেই নতুন করে এফআইআর করা হয়েছে। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। সেই সূত্রেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

মেসির গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় আলাদাভাবে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে শুধুমাত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অরূপের  নামে এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫১, ৬১, ৩/৫, ৭ এবং ১৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতা সফরে এসেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর সফর ঘিরে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মাঠে ঢুকে পড়েন অসংখ্য লোক। মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তাঁরা। অরূপ বিশ্বাসকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে। পরিস্থিতি অন্যরকম হতে দেখে দ্রুত যুবভারতী ছেড়ে চলে যান এলএম ১০। মেসি বেরিয়ে যেতেই শুরু হয় ধ্বংসলীলা। আয়োজক শতদ্রুকে ৩৭ দিন জেলে থাকতে হয়। মেসির কলকাতার অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জন্য ক্ষোভের সঞ্চার হয়েছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। বিধানলভা নির্বাচনের ফল প্রকাশের পরেই হুঙ্কার দিয়েছিলেন শতদ্রু। অরূপকে তোপ দেগে লিখেছিলেন, “খেলা শেষ তোমার, এবার আমার শুরু।”

রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিশিথ প্রামাণিকও জানিয়েছিলেন নতুন করে খোলা হবে মেসি-কাণ্ডের ফাইল। যাঁরা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলেছিলেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 

তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরেই গ্রেপ্তারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন অরূপ। বারাসাত আদালতে আগাম অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন তিনি। এরপরের দিনই তাঁকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।