আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগকে সম্মান জানাতে চলতি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। জানা গিয়েছে, এবারের সমাপ্তি অনুষ্ঠান উৎসর্গ করা হবে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর পর আইপিএল শুরু হলে প্রত্যেক ম্যাচেই সম্মান জানানো হয়েছে ভারতীয় সেনাকে। পহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর ভারতীয় সশস্ত্র বাহিনী সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা চালায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গিঘাঁটির ওপর।

বিসিসিআই সচিব বলেন, ‘বোর্ড আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্বকে স্যালুট জানায়। অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর সাহসিকতা আমাদের জাতির সুরক্ষা নিশ্চিত করেছে এবং দেশের নাগরিকদের প্রেরণা যুগিয়েছে। ক্রিকেট আমাদের জাতীয় আবেগ হলেও, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। তাই আমরা সমাপ্তি অনুষ্ঠানটি তাঁদের প্রতি উৎসর্গ করছি’। প্রসঙ্গত, চলতি আইপিএলের ফাইনাল হবে আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খেলা শুরুর আগেই হবে এই বিশেষ সমাপ্তি অনুষ্ঠান, যেখানে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সম্প্রতি, ভারত-পাক সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল। পরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর ১৭ মে থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু হয়। পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিসিসিআই প্রতিটি ম্যাচে বিশাল ব্যানারের মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলেছে। এছাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসে বিশাল একটি ব্যানার টাঙিয়ে সম্মান জানিয়েছে ভারতীয় সেনাকে।