আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে একাধিক ক্রিকেটার উঠে আসছেন। আর তাই নয়া উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সময়ে দু’টি ভারতীয় দলকে মাঠে নামাতে চাইছে তারা। চলতি বছরেই দেখা যাবে সেই দৃশ্য।
এটা ঘটনা, টি–২০ ক্রিকেটে ৩০ থেকে ৩৫ জনের একটি দল তৈরি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রয়োজন মতো এই ক্রিকেটারদের বিভিন্ন সিরিজে খেলিয়ে দেখে নিতে চাইছে তারা। সামনে একই সময়ে একাধিক প্রতিযোগিতা রয়েছে। সেখানে যাতে সমস্যা না হয় তার জন্যই এই পরিকল্পনা।
চলতি বছর সেপ্টেম্বর–অক্টোবর মাসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ়। সেখানে পাঁচটি টি–২০ খেলবে ভারত। আবার সেই সময়ই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও ক্রিকেট রয়েছে। ফলে একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এশিয়ান গেমসে দু’টি পৃথক ভারতীয় দলকে খেলতে দেখা যাবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বোর্ডের সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, ‘একই সময়ে এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে। তাই আমাদের দুটো দলের কথা ভাবতে হচ্ছে। ৩০–৩৫ জনের একটা দল আমরা তৈরি রাখতে চাইছি। বিভিন্ন সিরিজে ঘুরিয়েফিরিয়ে তাদের খেলানো হবে। যেমন সামনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর আছে। সেখানে অনেক বেশি ক্রিকেটারকে খেলানো হবে। তাদের তৈরি রাখা হবে।’
এদিকে, ২০২৮ সালে আবার টি–২০ বিশ্বকাপ রয়েছে। আবার সেই বছরই অলিম্পিক্স রয়েছে। সেবার অলিম্পিক্সে ক্রিকেট রয়েছে। ফলে দু’টি সিরিজে খেলানোর মতো ক্রিকেটার তৈরি রাখতে হবে। আয়ারল্যান্ড, আফগানিস্তানের মতো সিরিজ পরীক্ষার জায়গা। সেখানেই ক্রিকেটারদের দেখে নিতে চাইছে বোর্ড।
আইপিএলে যাঁরা ভাল ফর্মে রয়েছেন তাঁদের উপর নজর রয়েছে নির্বাচকদের। তালিকায় যেমন বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, অঙ্গকৃশ রঘুবংশী, আয়ুষ বদোনি, শশাঙ্ক সিং, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, প্রভসিমরন সিংয়ের মতো তরুণ ক্রিকেটার রয়েছেন, তেমনই যশস্বী জয়সওয়াল, রজত পতিদার, রবি বিশ্নোই, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদের মতো অভিজ্ঞরাও রয়েছেন। টি–২০ দলে প্রত্যাবর্তন হতে পারে শ্রেয়স আইয়ার, ধ্রুব জুরেল, জিতেশ শর্মাদেরও।
















