আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব এবার প্রশ্নের মুখে। তার কারণ তিনি রানের মধ্যে নেই। টি–২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ভরসা দিতে পারেননি ভারত অধিনায়ক। একটাই মাত্র ছিল অর্ধশতরান।
দল চ্যাম্পিয়ন হওয়ায় এইসব প্রশ্ন খুব একটা ওঠেনি। তবে বিষয়টা কিন্তু নির্বাচকদের নজরে রয়েছে। আইপিএলেও যে তিনি রানের মধ্যে আছেন এমনটা নয়।
প্রশ্ন হচ্ছে ২০২৮ অলিম্পিকে টিম ইন্ডিয়ার দলে সূর্য থাকবেন কিনা। থাকলেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলিম্পিকে টি–২০ ফর্মাটেই হবে ক্রিকেট। এই অবস্থায় জুন–জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ সূর্যর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে অধিনায়ক থেকে ব্যাটার সূর্যর দিকে নজর থাকবে বেশি। এই দুই সিরিজই নির্ধারণ করে দেবে ২০২৮ অলিম্পিক বা টি–২০ বিশ্বকাপের দলে সূর্য থাকবেন কিনা।
তবে হেড কোচ গম্ভীরের কাছে কিন্তু টি–২০ ঘরানায় অধিনায়ক হিসেবে সূর্যই প্রথম পছন্দ। এদিকে, শোনা যাচ্ছে, গম্ভীরের চুক্তি বাড়িয়ে ২০২৮ টি–২০ বিশ্বকাপ অবধি করা হতে পারে। যে বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তবে নির্বাচক কমিটির সঙ্গে গম্ভীরের মতের মিল হবে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ ২০২৮ টি–২০ বিশ্বকাপের সময় সূর্যর বয়স হবে ৩৮।
বিসিসিআই সূত্রে সংবাদসংস্থা পিটিআইকে বলা হয়েছে, ‘সূর্যই এখন নেতৃত্বে থাকবে। তবে ব্যাটার সূর্যকেও রান করতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে। ইংল্যান্ডে নেতৃত্বে সূর্যই থাকবে। এরপর ২০২৮ বিশ্বকাপ বা অলিম্পিক। সেখানে পুরোটাই নির্ভর করবে পারফরম্যান্সের উপর।’
এটা ঘটনা, ২০২৫ সালটা ব্যাটার সূর্যর একেবারেই ভাল যায়নি। ২০২৬ সালে অবশ্য টি–২০ বিশ্বকাপ অবধি চারটি অর্ধশতরান করেছেন। বিশ্বকাপে অবশ্য আমেরিকা ছাড়া সেভাবে রান পাননি। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন।
তার উপর যশস্বী, বৈভবরা রয়েছেন। তাই রান না করলে কিন্তু চাপ বাড়বে সূর্যর উপরে।
















