আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেস্ট দলের আসন্ন স্কোয়াড ঘোষণায় বড় কোনও চমক না থাকলেও, লাল বলের ক্রিকেটে ঋষভ পন্থের সহ-অধিনায়ক পদ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 

জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে আফগানিস্তান সিরিজের টেস্ট ও ওয়ানডে দল চূড়ান্ত করা হবে। সেই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নেতৃত্বের কাঠামো। 

নির্বাচকদের একাংশের ধারণা, নেতৃত্বের অতিরিক্ত চাপ ঋষভ পন্থের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে আইপিএলে গত দুই মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স এই ধারণাকে আরও জোরালো করেছে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, গত নভেম্বরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে পন্থের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। শুভমন গিলের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাতে গিয়ে তাঁর একাধিক অন-ফিল্ড সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। ফলে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হবে কি না, তা নিয়ে নির্বাচকদের মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে ৬ থেকে ১০ জুন। একটি মাত্র টেস্ট ম্যাচ হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বল গড়াবে ১৪ জুন থেকে। খেলা হবে ধর্মশালায়, ১৭ জুন লখনউয়ে এবং ২০ জুন চেন্নাইয়ে। দুই ফরম্যাটেই শুভমন গিলকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে জোর জল্পনা।

দীর্ঘ আইপিএল মরশুমের পর জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। যেহেতু আফগানিস্তানের বিরুদ্ধে এই একমাত্র টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়, তাই কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও এখনও পর্যন্ত কোনও ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে বিশ্রামের আবেদন জানাননি, তবুও খেলোয়াড়দের ক্লান্তি ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি মাথায় রেখেই দল গঠনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।