আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আর সেজন্য বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দিয়েছে আইসিসি। এই যখন পরিস্থিতি, তখন ভারতের প্রস্তুতি ম্যাচ নির্বিঘ্নে পরিচালনা করলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত। তৃতীয় আম্পায়ার হিসাবে নয়, বুধবার পুরো সময়টাই মাঠে ছিলেন তিনি।
ভারতে এলে বাংলাদেশের ক্রিকেটার, কর্তা, সমর্থকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। এই আশঙ্কায় টি–২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বহু চেষ্টা করেও বিসিবি কর্তাদের রাজি করাতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে হচ্ছে বিশ্বকাপ।
সেই বাংলাদেশের দুই আম্পায়ার টি–২০ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাঁদের অন্যতম আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা। বুধবার ভারত–দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচের অন্যতম ‘অনফিল্ড’ আম্পায়ার ছিলেন তিনি। কোনও রকম সমস্যা ছাড়াই দক্ষতার সঙ্গে গোটা ম্যাচ পরিচালনা করেছেন তিনি। নিরাপত্তাজনিত কোনও সমস্যায় পড়তে হয়নি। বুধবারের ম্যাচটি ছিল নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। উল্লেখ্য, টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বইয়ে।
প্রসঙ্গত, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার পরই ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। সেই বিতর্ক শুরু হওয়ার পর শরফুদৌল্লা এই প্রথম ভারতে এসেছেন, তা নয়। এর আগে ভারত–নিউজিল্যান্ডের একদিনের সিরিজের দায়িত্বেও ছিলেন শরফুদৌল্লা। ওই সিরিজে তিনি তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেছিলেন। নিরাপত্তাজনিত সমস্যা তখনও হয়নি। বুধবারও কিন্তু কোনও সমস্যা হল না।
