আজকাল ওয়েবডেস্ক: ভারতের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর নির্ধারিত সময়েই হবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বিসিবির। নিরাপত্তাজনিত কারণে ওপার বাংলায় খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। তাঁদের আশ্বস্ত করার জন্য, বাংলাদেশকে তামিম 'অত্যন্ত নিরাপদ দেশ' বলে উল্লেখ করেন। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা। ২০২৫ সালের আগস্টে এই সিরিজ হওয়ার কথা থাকলেও, বিসিসিআই এবং বিসিবির পারস্পরিক সম্মতিতে সেটা পিছিয়ে যায়। মুস্তাফিজুর রহমানকে নিয়ে মাঝে দুই বোর্ডের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। একসময় সিরিজ বানচাল হওয়ার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষমেশ এবছরের সেপ্টেম্বরে সেই সিরিজ আয়োজনের সুযোগ এসেছে।

বুধবার একটি সাংবাদিক সম্মেলনে তামিম বলেন, 'এখনও পর্যন্ত সফর নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দুই বোর্ডের মধ্যে ইমেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আলোচনা চলছে। এই সিরিজ আয়োজনের জন্য আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ভারতের বিরুদ্ধে সিরিজ ঘিরে ক্রিকেটার, সমর্থক, সাংবাদিক সবার মধ্যেই আলাদা উন্মাদনা রয়েছে। বাংলাদেশ অত্যন্ত নিরাপদ দেশ। ভারতীয় দলের এই সফরে আসার বিষয়ে আমি খুবই আশাবাদী। আমাদের পক্ষ থেকে যা করার, আমরা সবই করছি।' ভারত সফর নিয়ে আশাবাদী হলেও, বিসিবি সভাপতি হিসেবে তাঁরও কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করে নেন তামিম। তিনি বলেন, 'আমি বিসিবির সভাপতি। এমন একটা সীমারেখা রয়েছে যা আমি অতিক্রম করতে পারি না। আমার দায়িত্বের মধ্যে থেকে যতটা করা সম্ভব, আমি করছি। এই সিরিজের গুরুত্ব এবং ইতিবাচক দিকগুলো সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করছি।' 

অন্যদিকে ভারতের বাংলাদেশ সফরের জন্য সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ সফরের জন্য সেই সিরিজ পিছিয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের সরকারের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক বিষয় সম্পূর্ণ হওয়ার পরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ভারত শেষবার ২০২২ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল। তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ এ জিতেছিল বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ২-০ তে সিরিজ জেতে ভারত। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া।