আজকাল ওয়েবডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শতরানে ফিরলেন বাবর আজম। রবিবার পেশোয়ার জলমির হয়ে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে দুরন্ত একশো পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের। ৭৮৩ দিনের পর তিন অক্ষরের রানে পৌঁছলেন বাবর। শুধু শতরানেই ফেরেননি, এলিট টি-২০ ব্যাটিং তালিকায় বিরাট কোহলিকে পেরিয়ে যান। ৩৩৮ ইনিংসে টি-২০ ক্রিকেটে ১২,০০০ রান করে ফেললেন পাক তারকা। বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন। টপকে যান ক্রিস গেইলকেও। ৩৪৪ ইনিংসে এই রানে পৌঁছেছিলেন ক্যারিবিয়ান তারকা। কোহলি মাইলস্টোন ছুঁয়েছিলেন ৩৬০ ইনিংসে। কুয়েত্তার বিরুদ্ধে বাবরের ১২তম টি-২০ শতরান। সর্বোচ্চ টি-২০ শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিনি। এই ফরম্যাটে এক নম্বরে গেইল। তাঁর শতরানের সংখ্যা ২২। ২০২৩ ফেব্রুয়ারিতে শেষবার টি-২০ তে শতরান করেছিলেন।
এদিন আরও একটি নজির গড়েন বাবর। ৫২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল চারটি ছয় এবং ছ'টি চার। ইনিংসে মাত্র একটি ডট বল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম একজন ব্যাটার ৫০ বল খেলেও মাত্র এক বলে রান নেয়নি। পেশোয়ারের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কুশল মেন্ডিসও। ৪৪ বলে ৮৩ রান করেন। দু'জনের জুটিতে ১৩৫ রান ওঠে। পিএসএলের ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান। সম্পূর্ণ একপেশে ম্যাচ। ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে বাবরের দল। ১৩৭ রানে প্রতিপক্ষকে অললআউট করে ১৩৭ রানে জেতে পেশোয়ার জলমি। মহম্মদ বসিত এবং আলি রাজা তিনটে করে উইকেট নেন।















