আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলি-বুমরার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই স্যাম কনস্টাস বলছেন, গোটা ঘটনাটি নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই।
কনস্টাস বলছেন, ''আমাকে অনেকেই অহংকারী বলে মনে করেন। কিন্তু আমি নিজেকে আত্মবিশ্বাসী বলেই মনে করি।''
বক্সিং ডে টেস্টে নেমেই স্যাম কনস্টাস সাড়া ফেলে দেন। ভারতীয় বোলিংকে দুরমুশ করেন তিনি। কোহলি তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। কোহলির সঙ্গে সেই বিতর্ক প্রসঙ্গে কনস্টাস বলেন, ''আমার কোনও অনুশোচনা নেই। অনেকবার ওই ভিডিওটা দেখেছি। নেটে যাওয়ার সময়ে খুদেরা এসে আমার ছবি তোলে, আমি অটোগ্রাফ দিই।''
সেই স্যাম কনস্টাস মঙ্গলবার সন্ধ্যায় উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ জায়গা হচ্ছে না কনস্টাসের।
অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা মনে করছেন, টেস্টে জায়গা না পেয়ে বসে থাকার থেকে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলা ভাল।
শেফিল্ড শিল্ডে শনিবার নিউ সাউথ ওয়েলস-কুইন্সল্যান্ড ম্যাচ। সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই সময়ে তাঁকে দরকার হতে পারে। সেই কারণে অনুশীলনের মধ্যে থাকা দরকার।
বর্ডার-গাভাসকর ট্রফিতে দুটি টেস্ট ম্যাচ খেললেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা হয়নি কনস্টাসের।
সেই কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য পাঠানো হল কনস্টাসকে।
