আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু মেগা দ্বৈরথে পাকিস্তান জাতীয় দলকে না নামানোর সিদ্ধান্তে অনড় সে দেশের সরকার।
রবিবার পাকিস্তান সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, বিশ্বকাপে অংশ নিলেও কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট দলের এই অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শের কাছে।
বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়া দল। সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কিছুটা অপ্রত্যাশিত প্রশ্নের মুখে পড়তে হয় মার্শকে।
এক পাকিস্তানি সাংবাদিক তাঁকে পরপর দুটি প্রশ্ন করেন। জানতে চাওয়া হয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পাকিস্তানের সিদ্ধান্ত এবং নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে।
তবে দুই ক্ষেত্রেই কোনও মন্তব্য করেননি অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক। প্রথম প্রশ্নে সাংবাদিক জানতে চান, ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে তাঁর মতামত কী?
উত্তরে মিচেল মার্শ বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। আমরা বিশ্বকাপে যাচ্ছি শুধু নিজেদের খেলায় মনোযোগ দিতে। বাকি বিষয়গুলো নিজে থেকেই সামলে নেওয়া হবে।’
এরপর বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্শ কার্যত আগের উত্তরই পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপে গিয়ে শিরোপা জেতা, আর আমরা সেটাতেই পুরোপুরি মনোযোগী। অস্ট্রেলিয়া দল হিসেবে যাঁরা আমাদের দায়িত্বে রয়েছেন, তাঁদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে তাঁরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এর বেশি কিছু বলার নেই।’
অন্যদিকে, পাকিস্তান সফর অস্ট্রেলিয়ার জন্য মোটেই সুখকর হয়নি। সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই হেরে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী দল।
তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তির খবরও রয়েছে। একাধিক চোটগ্রস্ত ও অনুপস্থিত তারকা ক্রিকেটার দলে ফিরছেন বলে জানা গেছে।
আগামী ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া, আর সেই লক্ষ্যেই এখন পুরো মনোযোগ মিচেল মার্শ ও তাঁর দলের।
