আজকাল ওয়েবডেস্ক:অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফরের টি–টোয়েন্টি সিরিজের দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনক্যাপড স্পিনার নিখিল চৌধুরী।
নিখিল চৌধুরীকে দলে নেওয়া হয়েছে ট্র্যাভিস হেডের ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ার পর তাঁর বিকল্প হিসেবে। এর ফলে দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় পর আবারও কোনও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে।
এমন নজির ছিল ১৯৬৪ সালে রেক্স সেলার্সের ক্ষেত্রে।
৩০ বছর বয়সী নিখিল বর্তমানে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলেন এবং সম্প্রতি বেলজিয়ামের ইউরো টি-টোয়েন্টি প্রতিযোগিতায় জে.বি. ব্রুজের হয়ে অংশ নিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডেও ছিলেন তিনি।
অস্ট্রেলিয়া নির্বাচক কমিটির সদস্য টনি ডোডেমেইডে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নিখিল চৌধুরী নজরে ছিলেন তাঁদের।
টনি ডোডেমেইডে বলেন, ''নিখিল জাতীয় পর্যায়ের নজরে ছিল অনেকদিন ধরে। তিনি আমাদের প্রি-সিজন ক্যাম্পেও ছিলেন এবং গত বিগ ব্যাশে তার পারফরম্যান্স বেশ ভাল ছিল।''
তিনি আরও জানান, বাংলাদেশ সফরের কন্ডিশনে নিখিলকে মূল্যায়নের সুযোগ থাকবে এবং প্রথম টি–টোয়েন্টির একাদশে সুযোগ পেতে পারেন তিনি।
ভারতে জন্ম নেওয়া এই ক্রিকেটার পাঞ্জাব দলে ১৪টি সীমীত ওভারের ম্যাচ খেলেছেন। সেখানে তিনি খেলেছেন হরভজন সিং, শুভমন গিল এবং অভিষেক শর্মার মতো ক্রিকেটারদের সঙ্গে। পরে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও ট্রায়াল দেন।
পরে কোভিড-১৯ মহামারির সময় অস্ট্রেলিয়ায় আটকে পড়েন এবং সেখানেই কেরিয়ার গড়ার পথে এগিয়ে যান।
অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি সিরিজটি বাংলাদেশে চট্টগ্রামে হবে। প্রথম টি–টোয়েন্টি হবে ১৭ জুন। দ্বিতীয় টি–টোয়েন্টির বল গড়াবে ১৯ জুন। ২১ জুন হবে
তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ।
সব মিলিয়ে, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনার নাম এখন নিখিল চৌধুরী।















