আজকাল ওয়েবডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। কাটল ২২ বছরের খরা। মঙ্গলবার রাতে বার্নেমাউথের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির ১-১ গোলে ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। এমিরেস্ট স্টেডিয়াম হয়ে ওঠে উৎসবমুখর। চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ দিন পর্যন্ত নিয়ে যেতে সিটিকে জিততেই হত। কিন্তু ড্রয়ের ফলে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেল। আর্সেনালকে আর ছোঁয়ার সম্ভাবনা নেই সিটির। ছয় বছরের ট্রফির খরা কাটল গানার্সদের। গত তিন মরশুমে দ্বিতীয় স্থানে শেষ করে। শেষপর্যন্ত মিখেল আর্টেটার কোচিংয়ে বাজিমাত। আর্সেন ওয়েঙ্গারের পর প্রথমবার ইপিএল জয় আর্সেনালের। 

সোমবার অবনমনে চলে যাওয়া বার্নলের বিরুদ্ধে ১-০ গোলে জয়ে খেতাবের কাছাকাছি চলে যায় আর্সেনাল। সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য বেড়ে হয় পাঁচ। এবার গোটা মরশুমে ধারাবাহিকতা বজায় রাখে গানার্সরা। গত মাসে সিটির কাছে হারার পর দারুণভাবে ফিরে আসে। কোনও গোল না হজম করে পরপর চারটে ম্যাচ জেতে। সাফল্যের জন্য আর্সেনালকে অভিনন্দন জানান সিটির কোচ। পেপ গুয়ার্দিওলা বলেন, 'আর্সেনাল, মিখেল, স্টাফ এবং প্লেয়ারদের প্রিমিয়ার লিগ জেতার জন্য অভিনন্দন। তোমাদের প্রাপ্য এটা।' ৪৮ ঘণ্টা আগে এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জানা যায়, মরশুম শেষে সরে যাবেন পেপ। গুয়ার্দিওলার কোচিংয়ে শনিবার ২০তম ট্রফি জেতে ম্যান সিটি। কিন্তু ষষ্ঠবার ইপিএল জয় অধরা থেকে গেল। 

আর্সেনালকে শুভেচ্ছা জানায় ব্রিটেনের প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে কেইয়ের স্টার্মার লেখেন, 'আর্সেনালের জন্য ২২ বছরের অপেক্ষা। তবে অবশেষে আমরা নিজের জায়গায় ফিরে এসেছি। আমরা চ্যাম্পিয়ন।' ম্যাচের আগেই পেপ জানিয়েছিলেন, তাঁর দলের ওপর ক্লান্তির প্রভাব পড়তে পারে। সিটির ফ্যানরা ভেবেছিল, কোচের জন্য নিজেদের উজাড় করে দেবে প্লেয়াররা। কিন্তু হতাশ হতে হয় সমর্থকদের।

ম্যাচের ৩৯ মিনিটে এলি জুনিয়র ক্রাউপির গোলে এগিয়ে যায় বার্নেমাউথ। নিজের প্রথম প্রিমিয়ার লিগে ১৩ গোল করে নজর কাড়েন। সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি হোম টিম। স্টপেজ টাইমে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। এই জায়গা থেকে খেতাবের লড়াইয়ে টিকে থাকা সম্ভব ছিল না সিটির। নিজের কোচিং জীবনে পরপর দু'বার লিগ হাতছাড়া করলেন গুয়ার্দিওলা। আর্সেনালের বিরুদ্ধে জয়ের পর মনে হয়েছিল খেতাবের আরও কাছে পৌঁছে গিয়েছে সিটি। কিন্তু তারপর এভার্টনের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ে ধাক্কা খায়। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের পর আর্সেনালকে ট্রফি তুলে দেওয়া হবে। ঐতিহাসিক ডবলের সম্ভাবনা থাকবে আর্টেটার দলের সামনে। চলতি মাসের শেষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাজাঁ-র মুখোমুখি হবে আর্সেনাল।