আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিশ্বকাপের আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। অল্প সময়ের ব্যবধানে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট পরিস্থিতি হঠাৎ করেই জটিল করে তুলেছে কোচ লিওনেল স্কালোনির। 

টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গুরুতর আঘাত পান আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় তিনি  চোট পান। 

যন্ত্রণা নিয়েও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডান হাঁটুর সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রাথমিকভাবে তাঁর লিগামেন্টে চোটের আশঙ্কা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়লে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যেতে পারে।

এদিকে আক্রমণভাগেও দুশ্চিন্তা বাড়িয়েছে লাউতারো মার্টিনেজের চোট। সম্প্রতি পেশির চোট থেকে সেরে উঠলেও পুরনো সমস্যা আবার ফিরে এসেছে বলে জানা গিয়েছে। 

গোল আগলানোর দায়িত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময়ে অস্বস্তি অনুভব করেন। ফলে তাঁকে শেষ মুহূর্তে আর প্রথম একাদশে রাখা হয়নি। মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজট। তবে তাঁর চোটের প্রকৃতি সম্পর্কে এখনও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। 

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। কিন্তু চোট আঘাতের সমস্যা আর্জেন্টিনার প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সবার নজর খেলোয়াড়দের ফিটনেস রিপোর্টের দিকে।