আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর জানান, এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। ২০২৬ টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের পরবর্তী দিশা নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। ২০২৮ বিশ্বকাপ নিয়েও কথাবার্তা হয়। শনিবার ভারতীয় টি-২০ দলে আমূল পরিবর্তন আনা হয়। আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা হয় শ্রেয়স আইয়ারকে। সূর্য শুধু নেতৃত্ব খোয়ায়নি, দল থেকে ছাঁটাই হয়েছে। এই প্রসঙ্গে অজিত আগরকর শ্রেয়সের সফল অধিনায়কত্বের কথা তুলে ধরেন। জানান, নিজেকে প্রমাণ করেছেন আইয়ার। তাই এই ভূমিকায় আদর্শ তিনি। 

আগরকর বলেন, 'গত কয়েক বছরে অধিনায়ক হিসেবে শ্রেয়সের পারফরম্যান্স নজরকাড়া। একবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার শুরুটা দারুণ করার পর কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। একজন অধিনায়কের মধ্যে যা থাকা উচিত, সবই ওর মধ্যে আছে। নিজের পারফরম্যান্সও ভাল ছিল। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার মতো জায়গায় ছিল। কিন্তু সূর্য থাকায়, ওর জায়গা ছিল না। টি-২০ তে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। তবে অবশ্যই এটা আলাদা চ্যালেঞ্জ।' ২০২৩ সালের ৩ ডিসেম্বর ভারতের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলেন শ্রেয়স। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা ছাড়াও, গত বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। 

আগরকর জানান, সূর্যের বর্তমান ফর্মের পাশাপাশি, বাদ পড়ার অন্যান্য কারণও রয়েছে। তিনি বলেন, 'সদ্য বিশ্বকাপ জয়ের পর এই সিদ্ধান্ত ওর জন্য কঠিন হবে। কিন্তু প্রত্যেক বিশ্বকাপের পর আমরা পরের পদক্ষেপ নিয়ে ভাবি। গত দু'বছর ফর্মে না থাকলেও, অধিনায়ক হিসেবে সফল হচ্ছিল। কিন্তু কখনও না কখনও আমাদের সামনের দিকে তাকাতে হত। প্রথমত, ও ফর্মে নেই। দ্বিতীয়ত, দু'বছর পর আবার বিশ্বকাপ। সেই বিষয়টা বিবেচনা করতে হত। শ্রেয়স যোগ্য অধিনায়ক। সিদ্ধান্ত সহজ ছিল না। আমরা অনেক ভেবেছি। কারণ ও সদ্য বিশ্বকাপ দিয়েছে। তবে সিদ্ধান্ত নিতেই হত।' ২৬ এবং ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ খেলবে ভারত। তারপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। এদিকে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পান বৈভব সূর্যবংশী।