আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পর এবার দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার পৌঁছে গেলেন ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমে। সেখানে তিনি দেখা করলেন স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে তাঁদের মধ্যে এই সাক্ষাৎ হয়। ফ্লাওয়ার জানান, ক্রিকেটের কৌশলী দৃষ্টিভঙ্গির বাইরেও তিনি খুঁজছেন জীবনের গভীরতর অর্থ।

তাঁর কথায়, ‘আমি স্বামীজির সঙ্গে আলোচনা করছিলাম দল গঠন ও লক্ষ্য নিয়ে। খেলাধুলোর জগতে সব কিছুই ট্রফি জেতার ওপর নির্ভর করে। কিন্তু আমার খেলোয়াড় ও কোচিং জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, শুধুমাত্র জেতা যথেষ্ট নয়। মাঝে মাঝে জেতাটাও শূন্যতার মতো মনে হয়’। উল্লেখ্য, আরসিবি চলতি মরশুমে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল ট্রফি ঘরে তোলে। পুরো টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে সব ম্যাচেই জেতে বেঙ্গালুরু।

আরসিবির এই সাফল্যের মূল কারিগর হিসেবে কোচ ফ্লাওয়ারের ভূমিকা ছিল অপরিসীম। আন্তর্জাতিক যোগ দিবস প্রসঙ্গে ফ্লাওয়ার জানান, তিনি গত দু’সপ্তাহ ধরে ঋষিকেশে রয়েছেন এবং যোগব্যায়াম নিয়ে অনেক কিছু শিখছেন। তিনি জানান, ‘এই কয়েকদিন যোগাভ্যাসে নিজেকে যুক্ত রাখতে পেরে খুব ভালো লাগছে। দারুণ একটা অভিজ্ঞতা’। ক্রিকেটের জগতে ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন ফ্লাওয়ার। এবার আত্মিক উন্নয়ন ও স্থিতির খোঁজে ঋষিকেশে ফ্লাওয়ারের এই সফর নিঃসন্দেহে অন্য এক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরল।