আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। সুপার এইটে চলে গেল জিম্বাবোয়ে।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিলেন মিচেল মার্শরা। প্রথম ম্যাচ জিতলেও তারপর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অজিরা। আদৌ তারা সুপার এইটে উঠতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত নির্ভর করছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচের উপর। কিন্তু মঙ্গলবারের সেই ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ফলে এক ম্যাচ বাকি থাকতে এবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেল অজিদের।
বি গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট হল সিকান্দার রাজাদের। এর অর্থ ২৬ ফেব্রুয়ারি সুপার এইটে ভারতের সামনে জিম্বাবোয়ে। যে ম্যাচ হবে চেন্নাইয়ে। অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ হয়ে গেল গুরুত্বহীন।
এই নিয়ে সুপার এইটে উঠে গেল সাত দল। ভারত ছাড়া উঠেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত ছাড়া এই দুই দলও টুর্নামেন্টে এখনও অপরাজিত রয়েছে। এছাড়া সুপার এইটে উঠেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। বাকি আর একটি জায়গা। পাকিস্তান বুধবার নামিবিয়াকে হারালে চলে যাবে সুপার এইটে।
এটা ঘটনা, মঙ্গলবারের ম্যাচ না হওয়ায় জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তিন ম্যাচে জিম্বাবোয়ের পয়েন্ট হল ৫। অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারালেও তাদের পয়েন্ট হবে ৪। ফলে গ্রুপের প্রথম দু’দলের মধ্যে মার্শদের থাকার কোনও সুযোগ নেই।
মঙ্গলবার জিম্বাবোয়ে–আয়ারল্যান্ড ম্যাচ ছিল পাল্লেকেলেতে। কিন্তু টানা বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি ডিন কসকার। তার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন। ম্যাচ বাতিল হতেই উৎসব শুরু হয়ে যায় জিম্বাবোয়ে শিবিরে। সুপার এইটে ওঠার আনন্দে মেতে ওঠেন সিকান্দার রাজারা। বৃষ্টির জন্য মাঠে না নেমেই সুপার এইটে চলে গেল জিম্বাবোয়ে।
