আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে ভারতের কাছে হার। ৬১ রানে। চারিদিকে চলছে বাবর, আফ্রিদিদের সমালোচনা।
সুপার এইটে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। সেই ম্যাচে হয়ত বাবর, আফ্রিদিকে খেলানো হবে না। দুই ক্রিকেটারের পারফরম্যান্সই ভাল নয়। সমালোচনা শুনতে হচ্ছে।
ভারতের কাছে হেরে পাকিস্তান গ্রুপে এখন রয়েছে তিনে। যদিও নামিবিয়াকে হারালেই চলে যাবে সুপার এইটে। তবে হারলে এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।
তাই কঠোর অনুশীলনে নিজেদের ডুবিয়ে রেখেছেন পাক ক্রিকেটাররা। কলম্বোর মাঠে। সেখানেই ঘটেছে এক কাণ্ড। এক সাংবাদিক শাদাবকে জিজ্ঞাসা করেছিলেন, পাকিস্তান সেমিফাইনাল অবধি টিকে থাকতে পারবে? জবাবে শাদাব খান বলেন, ‘আমরা ফাইনাল অবধি খেলার কথা ভাবছি।’ পাশ থেকে অলরাউন্ডার মহম্মদ নাওয়াজ বলেন, ‘আমরা এখানে এসেছি ফাইনাল খেলার জন্য।’
এটা ঘটনা শাদাব খানের পারফরম্যান্সও আতস কাঁচের তলায়। ভারতের বিরুদ্ধে করেছিলেন ১৪। বল হাতে ব্যর্থ। এক ওভার করেছিলেন। দিয়েছিলেন ১৭ রান। এখনও অবধি তিন ম্যাচে করেছেন ৫২। এই অবস্থায় নামিবিয়া ম্যাচে যদি ব্যর্থ হন তাহলে পরের ম্যাচগুলিতে শাদাব প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন।
এদিকে, টি–২০ বিশ্বকাপে চূড়ান্ত সুপার এইটের ছয় দল। ভারতের পাশাপাশি বিশ্বকাপে এখনও অপরাজিত অন্যতম আয়োজক শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই চলে গিয়েছে সুপার এইটে। এছাড়াও সুপার এইটে উঠে গেছে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
তবে টি–২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তান আদৌ সুপার এইটে যেতে পারবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
মঙ্গলবার ষষ্ঠ দল হিসাবে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিল নিউজিল্যান্ড। কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মিচেল স্যান্টনাররা। দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমে ব্যাট করে ১৭৩ রান তোলে কানাডা। কনিষ্ঠতম হিসাবে টি–২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেন যুবরাজ সামরা। এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিও এল তাঁর ব্যাট থেকে। তবে কানাডার অন্যান্য ব্যাটাররা সেভাবে রান তুলতে পারেননি।
