শীতের দিনে হাত-পা ঠান্ডা হওয়া খুবই স্বাভাবিক।কিন্তু অনেকের গরমকালেও হাত ও পা সবসময় ঠান্ডা থাকলে গুরুত্ব দেন না। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলে তা শরীরের কিছু গোপন অসুস্থতার সংকেত হতে পারে।
আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি নিজস্ব ব্যবস্থা রয়েছে। যখন শরীর ঠান্ডা অনুভব করে, তখন গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে উষ্ণ রাখতে হাত-পায়ের দিকে রক্তপ্রবাহ কিছুটা কমিয়ে দেয়। ফলে হাত ও পা ঠান্ডা হয়ে যেতে পারে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি নিয়মিত এই সমস্যা দেখা দেয়, তাহলে কারণ খুঁজে দেখা প্রয়োজন।
এই সমস্যার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হল রক্তসঞ্চালনের সমস্যা। শরীরের বিভিন্ন অংশে রক্ত ঠিকমতো না পৌঁছলে হাত ও পা ঠান্ডা অনুভূত হতে পারে। যাঁদের হৃদযন্ত্র বা রক্তনালির সমস্যা রয়েছে, তাঁদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।
অ্যানিমিয়া বা রক্তাল্পতাও হাত-পা ঠান্ডা হওয়ার একটি বড় কারণ। শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকলে অক্সিজেন সঠিকভাবে শরীরের বিভিন্ন অংশে পৌঁছতে পারে না। ফলে ক্লান্তি, দুর্বলতা এবং হাত-পা ঠান্ডা থাকার মতো সমস্যা দেখা দেয়।
থাইরয়েডের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম হলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে শরীর কম তাপ উৎপন্ন করে এবং মানুষ অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। এর সঙ্গে ওজন বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া ও অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গও দেখা দিতে পারে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায়। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা স্নায়ু ও রক্তনালির ক্ষতি করতে পারে। এর ফলে হাত-পায়ে অসাড়তা, ঝিনঝিনি ভাব এবং ঠান্ডা অনুভূতি তৈরি হতে পারে।
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল রেনোডস সিনড্রোম। এই অবস্থায় ঠান্ডা আবহাওয়া বা মানসিক চাপের কারণে হাত-পায়ের ছোট রক্তনালিগুলি হঠাৎ সংকুচিত হয়ে যায়। তখন আঙুলের রং সাদা বা নীলচে হয়ে যেতে পারে এবং অসাড়তা দেখা দিতে পারে।
অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগও হাত-পা ঠান্ডা করে দিতে পারে। স্ট্রেসের কারণে শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়, যা রক্তনালিকে সংকুচিত করে দেয়। ফলে হাত ও পায়ে রক্তপ্রবাহ কমে যায়।
চিকিৎসকদের মতে, যদি ঠান্ডা হাত-পায়ের সঙ্গে ব্যথা, অবশভাব, ত্বকের রং বদলে যাওয়া, মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মনে রাখবেন, সবসময় ঠান্ডা হাত-পা কোনও রোগ নয়, তবে এটি অনেক সময় শরীরের ভেতরে লুকিয়ে থাকা সমস্যার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তাই এই লক্ষণকে অবহেলা না করে প্রয়োজন হলে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।















