রাতে এক-দু'বার ঘুম ভাঙা স্বাভাবিক, কিন্তু প্রতিদিন যদি মাঝরাতে বারবার আপনার চোখ খুলে যায় এবং তারপর আর কিছুতেই ঘুম আসতে না চায়— তবে বিষয়টি একেবারেই অবহেলা করবেন না। চিকিৎসকদের মতে, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া কেবল একটি সাধারণ সমস্যা নয়, বরং এটি শরীরের ভেতরের কোনও বড় শারীরিক বা মানসিক জটিলতার লক্ষণ হতে পারে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডিকেল এর তথ্য অনুযায়ী, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ দায়ী থাকে। আসুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো কী কী:


১. স্লিপ অ্যাপনিয়া: ঘুমের সবচেয়ে বড় শত্রু

রাতে বারবার ঘুম ভাঙার অন্যতম প্রধান কারণ হলো স্লিপ অ্যাপনিয়া। এটি এমন একটি বিপজ্জনক অবস্থা যেখানে ঘুমের মধ্যে মানুষের শ্বাস-প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায় বা ধীর হয়ে যায়।

লক্ষণ: অনেকে বুঝতেই পারেন না যে তাঁদের শ্বাস আটকে যাওয়ার কারণে ঘুম ভাঙছে। তবে ওঁরা সকালে উঠে মাথা ব্যথা, সারাদিন ক্লান্তি, তীব্র নাক ডাকা এবং কাজে মনোযোগ দিতে অসুবিধা অনুভব করেন।

২. ইনসোমনিয়া এবং মানসিক চাপ 

যারা অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতায় ভোগেন, ওনাদের ক্ষেত্রে ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা খুব সাধারণ। এই ধরনের রোগীরা মাঝরাতে হঠাৎ জেগে ওঠেন এবং মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাওয়ার কারণে আর ঘুমাতে পারেন না। এর ফলে সারাদিন খিটখিটে মেজাজ ও ক্লান্তি ভাব বজায় থাকে।

৩. মাঝরাতে বারবার প্রস্রাবের বেগ :
মাঝরাতে বারবার বাথরুমে যাওয়ার কারণেও গভীর ঘুম নষ্ট হয়। সাধারণত এইসব কারণে এই সমস্যা হতে পারে -ডায়াবেটিস, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, ওভারঅ্যাক্টিভ ব্ল্যাডার, গর্ভাবস্থা, কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।


৪. ঘরের তাপমাত্রা ও শোয়ার পরিবেশ: 

আপনার ঘরের পরিবেশও ঘুমের ওপর বড় প্রভাব ফেলে। ঘর যদি অতিরিক্ত গরম হয় বা রাতে আপনার অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে, তবে মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাবে। বিশেষজ্ঞদের মতে, একটি ঠান্ডা, শান্ত এবং অন্ধকার ঘরই ভাল ঘুমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।

৫. গ্যাজেট ও স্ক্রিন টাইমের কুপ্রভাব:

ঘুমানোর ঠিক আগে মোবাইল ফোন, ল্যাপটপ বা টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস ঘুম নষ্ট করে। এসব ডিভাইস থেকে নির্গত নীল আলো আমাদের শরীরের প্রাকৃতিক 'সারকাডিয়ান রিদম' বা ঘুমের সাইকেল ব্যাহত করে।


ভাল ঘুমের জন্য বিশেষজ্ঞদের কিছু জরুরি পরামর্শ:

স্ক্রিন থেকে দূরে থাকুন: ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে সমস্ত রকম ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা বন্ধ করুন।


ঘরের পরিবেশ ঠিক করুন: শোয়ার ঘরটি যেন অন্ধকার, শান্ত এবং আরামদায়ক তাপমাত্রায় (সামান্য ঠান্ডা) থাকে তা নিশ্চিত করুন।

ডাক্তারি পরামর্শ নিন: যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং এর কারণে আপনার সারাদিনের কর্মক্ষমতা নষ্ট হতে থাকে, তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের (স্লিপ স্পেশালিস্ট) পরামর্শ নিন। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা আপনাকে অনেক বড় স্বাস্থ্যর ঝুঁকি থেকে বাঁচাতে পারে।