গরমকালে পাহাড়ি এলাকায় বেড়ানোর খরচ বেড়ে যায়৷ কারণ গরমের ছুটি এলেই বাবা-মায়ের হাত ধরে দার্জিলিং সিকিম বা মানালি যাওয়ার হুড়োহুড়ি। শীতকালে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভিড় বাড়ে৷  আবার বসন্তে শান্তিনিকেতনে তিলধারণের জায়গা থাকে না৷ 

বেড়ানোর পরিকল্পনা করলে খরচের হিসাব শুরু হয়৷ তখনই মাথায় আসে কখন বেড়াতে গেলে ভাল হয়? কখন বেড়াতে গেলে ভাল ভাবে ঘুরতে পারা যাবে? 

 যে সময় সকলে বেড়াতে যাচ্ছেন অর্থাৎ 'সিজন টাইমে' বেড়ানোর খরচ বেড়ে যায়৷ আবার যে সময় তেমন কেউ যাচ্ছে না তখন খরচ কিছুটা কম হয়৷ কিন্তু ভ্রমণপিপাসুদের এখন পছন্দের সময় হয়েছে শোল্ডার সিজন৷ 

কী এই শোল্ডার সিজন? 

ঘুরতে যাওয়ার জন্য যে সময় মানুষ ভিড় করে কোনও জায়গায় সেটা বলা হয় পিক সিজন৷ যে সময় একেবারেই মানুষ যায় না সেটা হল অফ সিজন৷ এই দুই এর মাঝে যে সময়টা সেটাই শোল্ডার সিজন৷  এই সময় পর্যটক কম থাকে তাই খরচ কিছুটা কমে যায়৷ আবার অসময়ে গেলে যে সব প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তেমন কিছু ঝুঁকি থাকে না এক্ষেত্রে৷ 

বিমানযাত্রার ক্ষেত্রে সাধারণত এপ্রিল থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর শোল্ডার সিজন ধরা হয়৷ জায়গা ভেদে শোল্ডার সিজন এর সময়কাল বদলে যায়৷

তবে শোল্ডার সিজনে ঘুরতে যাওয়ার আগে খেয়াল রাখতে হবে যেখানে যাচ্ছেন সেখানের আবহাওয়া কেমন। শোল্ডার সিজনে গেলে আদৌ ভাল ভাবে ঘুরতে পারবেন কি না৷ সাধারণত গ্রীষ্ম আর শীতে ঘুরতে যাওয়ার প্রবণতা থাকে৷ কিন্তু শরৎকাল ঘুরতে যাওয়ার জন্য ভাল সময়৷ বিদেশে ঘুরতে যেতে চাইলে বেছে নিতে পারেন 'ফল মান্থ'। গাছের পাতা এই সময় রং বদলায়৷ দেশের মধ্যেও সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা অরণ্য বেছে নিতে পারেন।