সারারাত ঘুমিয়েও সকালে উঠেই ক্লান্ত লাগছে? মাথা ভার, মেজাজ খিটখিটে- এমন সমস্যায় ভুগছেন অনেকেই। সাধারণত আমরা এর জন্য কাজের চাপ, স্ট্রেস বা শারীরিক অসুস্থতাকে দায়ী করি। এক্ষেত্রে উঠে আসছে আরেকটি কারণ। শোওয়ার ঘরের বাস্তু। বেডরুমের ভুল বাস্তু ঘুমের মান খারাপ করে দিতে পারে, এমনটা বলেন বিশেষজ্ঞরা।


আমরা যে ঘরে ঘুমাই, সেই ঘরের পরিবেশ সরাসরি শরীর ও মনের উপর প্রভাব ফেলে। যদি সেখানে এনার্জির প্রবাহ ঠিক না থাকে, তাহলে ঘুম ঠিকমতো হয় না এবং সকালে উঠে ক্লান্ত লাগে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুমানোর দিক। বাস্তু মতে, মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রেখে ঘুমানো ভাল। এতে শরীর স্বাভাবিকভাবে বিশ্রাম পায়। কিন্তু উত্তর দিকে মাথা রাখলে অস্থিরতা, দুঃস্বপ্ন বা ঘনঘন ঘুম ভাঙার সমস্যা হতে পারে।


এছাড়া আয়নার অবস্থানও বড় ভূমিকা নেয়। অনেকেই বিছানার সামনে আয়না রাখেন, কিন্তু বাস্তু অনুযায়ী এটি ঠিক নয়। ঘুমের সময় নিজের প্রতিচ্ছবি চোখে পড়লে তা মানসিক অশান্তি বাড়াতে পারে এবং ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।


অগোছালো ঘরও ঘুমের বড় শত্রু। শোওয়ার ঘরে যদি বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে বলে মনে করা হয়। ফলে ঘুম হালকা হয়ে যায় এবং সকালে সতেজ লাগেনা। তাই ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখা জরুরি।

 

প্রযুক্তির ব্যবহারও এক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। মোবাইল, টিভি বা ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে। তাই শোওয়ার আগে এসব ডিভাইস থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


রঙের ক্ষেত্রেও সতর্কতা দরকার। খুব উজ্জ্বল বা গাঢ় রঙের বদলে হালকা, শান্ত রং ব্যবহার করলে মন শান্ত থাকে এবং ঘুম ভাল হয়।


সব মিলিয়ে, শুধু শরীর নয়, আপনার শোওয়ার ঘরের পরিবেশও ঘুমের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই প্রতিদিন ক্লান্তি নিয়ে দিন শুরু হলে, একবার নিজের বেডরুমের দিকেও নজর দেওয়া প্রয়োজন। ছোট পরিবর্তনেই মিলতে পারে বড় সমাধান।