আজকাল ওয়েবডেস্কঃ সময়ের ছাপ ত্বকে পড়ুক এমনটা কেউই চান না। বলিরেখাকে দূরে ঠেলতে নানা ধরণের অ্যান্টি রিঙ্কেলস ট্রিটমেন্ট বাজারে মেলে অনেক কিছুই। কিন্তু সবার পক্ষে তো তা করা সম্ভব হয় না। তাই আমজনতার ভরসা প্রাকৃতিক উপাদান। অভিনেত্রী মালাইকা অরোরা বলিরেখা ও মুখের দাগছোপ দূর করার ফেসপ্যাকের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যা ব্যবহার করে মালাইকা নিজের জেল্লাদার ত্বকের বয়স এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছেন। জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক। 

এক চামচ দারচিনিগুঁড়োর সঙ্গে হাফ চামচ করে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। স্নানের আগে মুখে মাখুন এই প্যাক। আধঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণ, ব্রণর দাগ, বলিরেখা দূর করতে এই ফেস প্যাকের জুড়ি নেই। 

এই মিশ্রণ ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। এই প্যাকটি ঘাড়ের অংশে লাগাতে ভুলবেন না। ত্বক উজ্জ্বল করতে খুবই সহায়ক। শুধু তাই নয়, এটি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। দারুচিনির মধ্যে বেশ ভাল পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে দারুচিনি। বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে সাহায্য করে দারচিনি।