গরমে হাঁসফাঁস অবস্থা। বাইরে থেকে ফিরে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। যেটা ঠান্ডা করবে, রিফ্রেশিং লাগবে, সেইসঙ্গে যদি হয় স্বাস্থ্যকর তাহলে তো আর কিছুই বলার নেই। এই গরমে রইল তেমন এক পানীয়ের হদিশ৷ জেনে নিন পানের শরবত বানাবেন কীভাবে?
একটা বড় বাটির উপর একটা ছাঁকনি বসিয়ে দিন৷ এর মধ্যে আধ কাপ মৌরি, আর ২০-২৫ টা ছোট এলাচ নিয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে৷
এবার ধোওয়া মৌরি আর ছোট এলাচ অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে৷ ১ কাপ জল দিতে হবে৷ এই মৌরি আর ছোট এলাচ আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে পারেন৷ যদি না হয় সেক্ষেত্রে অন্তত দুই তিন ঘণ্টা ভেজাতে হবে৷
অন্য একটা ছোট বাটিতে জল নিয়ে তাতে গঁদ কাতিরা ৫-৬ টা ভিজিয়ে নিতে হবে৷
এবার ১৫ টা পান পাতা নিয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে৷ এরপর পানপাতাগুলো ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে৷ মিশ্রণে কোনও দানা থাকবে না। ক্রিমের মতো পেস্ট হবে৷ তার জন্য প্রয়োজন মতো পান পাতা বাটার সময় ২-৩ টেবিলচামচ জল দিতে পারেন৷
এই মিশ্রণে আধ কাপ গুলকন্দ মিশিয়ে নিন আর একবার মিশ্রণটা মিক্সিতে বেটে নিতে হবে৷
এবার মৌরি আর ছোট এলাচ যেটা ভেজানো ছিল সেটা একইভাবে মিস্কিতে স্মুথ পেস্ট করে নিতে হবে৷ মৌরির পেস্টেও কোনও দানা থাকবে না।
এবার পানের মিশ্রণের মধ্যে মৌরির মিশ্রণ ঢেলে ভাল করে মিশিয়ে নিন। তারপর গ্যাসে একটা পাত্র বসিয়ে এই মিশ্রণটা ঢেলে কিছুক্ষণ নেড়ে নিতে হবে৷ ফুটে উঠলে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে ভাল করে নাড়তে হবে৷
মিশ্রণ খুব বেশি ঘন করা যাবে না কারণ তাহলে ঠান্ডা হলে জমে যাবে৷
এই মিশ্রণে দু'ফোঁটা অর্গ্যানিক সবুজ রং মিশিয়ে দিতে পারেন। তাহলে দেখতে দুর্দান্ত হবে৷
এবার মিশ্রণটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন৷ ছেঁকে নিন তারপর৷
এবার ১ লিটার দুধ ফুটিয়ে ঠান্ডা করে রাখুন। দুধের মধ্যে ভিজিয়ে রাখা গঁদ কাতিরা আর সরবতের মিশ্রণ ২ হাতা দাও৷
এরমধ্যে বেশ কিছুট ভেজানো বেসিল সিড দিয়ে ইচ্ছা হলে অল্প বরফ দিতে পারেন। এবার ভাল করে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পানের শরবত পরিবেশন করুন৷















