ঋতু বদলের সঙ্গে বদলায় ফ্যাশনও। ঠিক যেমন গরম পড়তেই ভারী কাপড় আর গাঢ় রং সরিয়ে আলমারিতে জায়গা নেয় হালকা ফ্যাব্রিক ও ঢিলেঢালা আরামদায়ক পোশাক। তবে আরামের খোঁজে স্টাইলের সঙ্গে আপস করলে তো চলবে না! তাই গ্রীষ্মের সবচেয়ে স্মার্ট ট্রেন্ড এখন স্ট্রাইপ ফ্যাশন।
ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ড আসে, আবার হারিয়েও যায়। কিন্তু কিছু স্টাইল এমন রয়েছে , যা সময়ের সঙ্গে বদলে গিয়ে বারবার নতুনভাবে ফিরে আসে। স্ট্রাইপ বা ডোরাকাটা প্রিন্ট তেমনই এক চিরকালীন ট্রেন্ড, যা ইদানীং আবারও ফ্যাশনের রাজত্বে দাপট দেখাচ্ছে।
বিশ্বজুড়ে তাবড় ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনাররা স্ট্রাইপকে নতুনভাবে তুলে ধরছেন। আগে যেখানে স্ট্রাইপ মানেই ছিল নীল-সাদা বা সাদা-কালোর ক্লাসিক কম্বিনেশন, এখন উজ্জ্বল রং, মোটা-পাতলা অসমান লাইন এবং বোল্ড গ্রাফিক ডিজাইন বেশ ট্রেন্ডিং। ফলে স্ট্রাইপ এখন আর স্রেফ ফ্যাশন নয়, স্টাইল স্টেটমেন্টও।
স্ট্রাইপ বা ডোরাকাটা ডিজাইন এমন এক প্যাটার্ন যা দেখতে যেমন ফ্রেশ লাগে, চোখে আনে ক্লিন ও কুল এফেক্ট। বিশেষ করে গরমকালে হালকা রঙের স্ট্রাইপ যেমন সাদা-নীল, প্যাস্টেল শেড বা মাল্টিকালার সফট টোন পোশাক তথা সার্বিক সাজেই এনে দেয় স্নিদ্ধ অনুভূতি।
গরমের দিনে সবচেয়ে জনপ্রিয় স্ট্রাইপ টি-শার্ট। জিনস, শর্টস কিংবা স্কার্টের সঙ্গে কটন বা লিনেন ফ্যাব্রিকের ঢিলেঢালা স্ট্রাইপ টপ সহজেই মানিয়ে যায়। এতে যেমন ঘাম কম হয়, তেমনই পাওয়া যায় ট্রেন্ডি ক্যাজুয়াল লুক। আজকাল অনেকের আবার ওভারসাইজড স্ট্রাইপ টি-শার্ট বেশ পছন্দ , যা গরমে আরও আরামদায়ক।
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, স্ট্রাইপ টি-শার্ট বিশেষ করে রঙিন ও ওভারসাইজড স্ট্রাইপ এখন স্ট্রিট স্টাইলের অন্যতম ট্রেন্ড। জিনস, স্কার্ট হোক বা শর্টসের সঙ্গে বেশ মানানসই। খুব বেশি সাজগোজ ছাড়াই পাওয়া যায় স্টাইলিশ লুক। শুধু তাই নয়, এখন একাধিক প্রিন্ট একসঙ্গে মিক্স করে পরার নজির চোখে পড়ে। যেমন স্ট্রাইপের সঙ্গে পোলকা ডট বা চেক, যা আগে ফ্যাশনে 'রুল ব্রেক' হিসেবে ধরা হত।
স্ট্রাইপের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ এর বহুমুখিতা। অর্থাৎ অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা ছুটির মেজাজ-সব জায়গাতেই নজরকাড়া ডোরাকাট ডিজাইন। স্ট্রাইপ শার্ট অফিসে যেমন স্মার্ট ও প্রফেশনাল লুক দেয়, আবার একই প্রিন্টের টি-শার্ট বা ড্রেস বন্ধুদের সঙ্গে আউটিংয়ের জন্য একেবারে পারফেক্ট। ভ্যাকেশন না বিচ ফ্যাশনে এখন স্ট্রাইপড প্যান্ট বা শার্ট এখন বেশ ট্রেন্ডি।
এছাড়া স্ট্রাইপের একটি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টও রয়েছে। ভার্টিক্যাল স্ট্রাইপ বেশ লম্বা ও স্লিম দেখায়, আর হরাইজন্টাল স্ট্রাইপ শরীরে ভলিউম যোগ করে। তাই নিজের বডি টাইপ অনুযায়ী স্ট্রাইপ বেছে নিলে লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
গরমে স্ট্রাইপ স্টাইলিংয়ের ক্ষেত্রে কিছু টিপস খেয়াল রাখা প্রয়োজন। যেমন-
* খুব বেশি বোল্ড বা ডার্ক স্ট্রাইপ এড়িয়ে হালকা রং বেছে নিন।
* লুজ ফিট পোশাক পরুন, যাতে বাতাস চলাচল করতে পারে।
* স্ট্রাইপের সঙ্গে সিম্পল অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
স্ট্রাইপের আরেকটি বড় সুবিধা হল, এটি সহজেই ডে-টু-নাইট লুকে বদলে ফেলা যায়। ধরুন, দিনে স্ট্রাইপ টি-শার্ট ও স্নিকার্স পরলেন, আর সন্ধের পার্টিতে শুধু একটু মেকআপ আর অ্যাকসেসরি যোগ করলেই তৈরি নতুন লুক। তবে একসঙ্গে অতিরিক্ত স্ট্রাইপ বা খুব বেশি বোল্ড ডিজাইন ব্যবহার করলে লুক ভারী হয়ে যেতে পারে। তাই অনেকেই স্ট্রাইপড স্টাইলের সঙ্গে সলিড রঙের অ্যাকসেসরিজ বা অন্য পোশাক মেলাতে পছন্দ করেন। যদিও নতুন প্রজন্ম ইচ্ছে করেই এই নিয়ম ভেঙে 'ম্যাক্সিমালিস্ট' লুক তৈরি করছে, যেখানে একাধিক স্ট্রাইপ একসঙ্গে ব্যবহার করা হচ্ছে।
সবমিলিয়ে, স্ট্রাইপ এখন শুধু একটি পুরনো ট্রেন্ডের পুনরাবৃত্তি নয়, বরং নতুন প্রজন্মের ফ্যাশনের ভাষা। ক্লাসিকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে ডোরাকাটা ডিজাইন আবারও প্রমাণ করছে, স্ট্রাইপ স্ট্রাইলিং কখনও একঘেয়ে হয় না।
তাহলে এই গরমে আপনার ওয়ারড্রোবের স্ট্রাইপ আউটফিটেই হয়ে উঠুন ফ্যাশনিস্তা।















