ভারতীয় খাবারে বৈচিত্র্যের কোনও শেষ নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী- বিভিন্ন প্রদেশের স্বাদ ও রন্ধনশৈলী একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার পছন্দ সিন্ধি কারি৷
সাধারণ কড়ির সঙ্গে সিন্ধি কারির মূল পার্থক্য হল, সিন্ধি কারিতে দইয়ের বদলে ব্যবহার করা হয় তেঁতুলের ক্বাথ, যা এই পদটিকে একটি অনন্য স্বাদের করে তোলে। বানাবেন কী ভাবে?
উপকরণ:
* বেসন - ৪ চা চামচ
* তেল - ৪ টেবিল চামচ
* সজনে ডাঁটা - ১টি
* আলু - ২টি (মাঝারি)
* হিং - ১/৪ চা চামচ
* সর্ষে - ১/২ চা চামচ
* মেথি দানা - ১/৪ চা চামচ
* জিরে - ১/২ চা চামচ
* কারি পাতা - ৮-১০টি
* ঢেঁড়স - ৮-১০টি
* গুয়ার বা ক্লাস্টার বিনস - ১০-১২টি
* টমেটো - ২টি (কোরানো)
* হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
* লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
* আদা বাটা - ১ চা চামচ
* তেঁতুলের ক্বাথ - ১ চা চামচ
* নুন - স্বাদমতো

প্রণালী:
প্রথমে একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে সজনে ডাঁটা ও আলুর টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
এরপর ওই প্যানেই হিং, সর্ষে, মেথি দানা, জিরে এবং কারি পাতা ফোড়ন দিন। মশলা থেকে সুগন্ধ বেরোলে এতে বেসন দিয়ে হালকা আঁচে ভালো করে ভেজে নিন।
বেসনের রং বদলাতে শুরু করলে এতে পরিমাণমতো জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।এবার এতে টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
এরপর ভেজে রাখা সজনে ডাঁটা ও আলু এবং আদা বাটা দিয়ে ফুটতে দিন। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে এতে ঢ্যাঁড়শ আর গুয়ার দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। সবশেষে তেঁতুলের ক্বাথ দিয়ে আরও ১-২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু এবং পুষ্টিকর সিন্ধি কড়ি।















